বিনোদন ডেস্ক
দেশের জনপ্রিয় গায়ক থেকে সিনেমার নায়ক হিসেবে হিসেবে নিজের আত্মপ্রকাশ করাটা বিরাট চ্যালেঞ্জের ব্যাপার। সেই ঝুঁকি জয় করে চ্যালেঞ্জ নিয়ে দারুণ প্রশংসা পেয়েছেন গায়ক থেকে নায়ক হওয়া আসিফ আকবর।
জনপ্রিয় কথাসাহিত্যিক সাদাত হোসাইনের পরিচালনায় ‘গহীনের গান’ নামের সিনেমা দিয়ে বড় পর্দার নায়ক হিসেবে অভিষেক হচ্ছে আসিফের।
এবার জানা গেল, ১৯ তম ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২১’-এ দেখানো হবে সংগীত বিষয়ক এ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটি। আগামী ১৭ জানুয়ারি সন্ধ্যা ৭টায় জাতীয় গণগ্রন্থাগার মিলনায়তনে ৫০ টাকা প্রদর্শনীর বিনিময়ে ছবিটি উপভোগ করতে পারবেন দর্শক।
উৎসবে ‘বাংলাদেশ প্যানারোমা’ বিভাগে দেখানো হবে এ সিনেমাটি। এই প্রদর্শনীতে উপস্থিত থাকবেন ছবিটির প্রযোজক ও শিল্পী-কুশলীদের অনেকেই।
এই প্রসঙ্গে বাংলাঢোলের ব্যবস্থাপনা প্রযোজক এনামুল হক বলেন, ‘এটি খুব আনন্দের সংবাদ যে, একটি বড় আয়োজনে বিশ্বের সেরা ছবিগুলোর সাথে আমাদের ছবিটি দেখানো হচ্ছে। আশা করি এবার অনেকেই নতুন করে এটি উপভোগ করতে পারবেন।’
উল্লেখ্য, ‘গহীনের গান’ সিনেমায় আসিফ আকবর ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, তানজিকা আমিন, তমা মির্জা, আমান রেজা, কাজী আসিফ রহমান, তুলনা আল হারুন প্রমুখ। ে সিনেমায় ব্যবহার করা হয়েছে আসিফ আকবরের গাওয়া নয়টি গান।






















