বিনোদন ডেস্ক
দেশের ৪৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯ প্রদানের আসর বসছে আজ রবিবার। রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত হচ্ছে এ অনুষ্ঠানটি। প্রতি বছর এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকলেও এবার করোনাভাইরাসের কারণে তিনি সশরীরে উপস্থিত থাকবেন না। গণভবন থেকে অনলাইনে ভার্চুয়ালি উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন। প্রধানমন্ত্রী না থাকলেও অনুষ্ঠানে কোনো রকম ঘাটতি রাখছে না তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র বিভাগ ও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা (বিএফডিসি)।
চলচ্চিত্রের বিভিন্ন অঙ্গনের মানুষদের অংশগ্রহণে এবারও জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হবে বর্ণিল আয়োজনে। থাকবে নানা রকম পরিবেশনা। যার মধ্যে কেয়েকটি গানের সঙ্গে পারফর্ম করবেন চলচ্চিত্রের জনপ্রিয় তারকারা। এদের মধ্যে জুটিবদ্ধ পারফর্ম করবেন সাইমন-মাহি-ফেরদৌস ও নায়িকা অপু বিশ্বাস। আরও দেখা যাবে চিত্রনায়িকা তমা মির্জাকে। অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয়ের নিজেদের উপস্থিতির কথা নিশ্চিত করেছেন এসব শিল্পীরা। এ ছাড়া তারকাশিল্পীদের মধ্যে আরও কয়েকজন অংশ নেবেন বলে জানা গেছে। আয়োজনে এ বছর ২৬টি বিভাগে চলচ্চিত্রের শিল্পীদের পুরস্কার প্রদান করবে সরকার।






















