বিনোদন ১৯ জানুয়ারি, ২০২১ ০৫:১২

বনানী কবরস্থানে সমাহিত করা হবে মুজিবুর রহমান দিলুকে

বিনোদন ডেস্ক

বিশিষ্ট অভিনেতা, নাট্য পরিচালক ও বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান দিলু না ফেরার দেশে চলে গেলেন। তাঁর মরদেহ আজ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে সমাহিত করা হবে। তাঁর বড় ছেলে অয়ন রহমান গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাবার নামাজে জানাজা বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর বেলা ৩টায় শিল্পকলা একাডেমিতে সবার শ্রদ্ধা নিবেদনের জন্য কফিন রাখা হবে। বাদ আসর বনানী কবরস্থানে গার্ড অব অনার শেষে তাঁকে সমাহিত করা হবে।

আজ মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকাল ৬টা ৪৫মিনিটে রাজধানী ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। স্ত্রী রানী রহমান, দুই ছেলে অয়ন রহমান ও অতুল রহমান, মেয়ে ডা.তানজিলা রিমঝিম, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

উল্লেখ্য, দিলুর অভিনয় শুরু মঞ্চ থেকে। ১৯৭২ সালে বিটিভির তালিকাভুক্ত শিল্পী হন তিনি। ১৯৭৬ থেকে নিয়মিত অভিনয় করছেন। মাঝে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন। তার উল্লেখযোগ্য নাটকগুলো হলো- ‘তথাপি’, ‘সময় অসময়’, ‘সংশপ্তক’ প্রভৃতি। মঞ্চে ‘আমি গাধা বলছি’, ‘নানা রঙের দিনগুলি’, ‘জনতার রঙ্গশালা’ প্রভৃতি।