বিনোদন ২৬ জানুয়ারি, ২০২১ ০৫:০৮

বেশ বুঝে শুনে সিনেমা হাতে নিচ্ছি: সাইমন সাদিক

বিনোদন ডেস্ক

সবশেষ ‘জান্নাত’ সিনেমার মধ্য দিয়ে বেশ দর্শকপ্রিয়তা পান চলতি প্রজন্মের নায়ক সাইমন সাদিক। এ ছবিতে অভিনয় করে শ্রেষ্ঠ নায়ক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করে নেন এ নায়ক। এরপর বেশ বুঝেই এগুচ্ছেন তিনি। তারপর থেকে ভালো গল্প ও চরিত্রকে প্রাধান্য দিতে শুরু করেন। এরইমধ্যে মোস্তাফিজুর রহমান মানিকের ‘আনন্দ অশ্রু’ ছবির কাজ শেষ করেছেন তিনি। এখানে তার বিপরীতে রয়েছেন মাহিয়া মাহি।

এর আগেও সাইমনের সঙ্গে মাহি জুটির ‘পোড়ামন’ এবং ‘জান্নাত’ ছবি দুটি সফলতা অর্জন করে। এদিকে কদিন আগেই আরো তিনটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন সাইমন। জানা গেছে, সেখানেও তার নায়িকা মাহিই থাকছেন।

এদিকে গতকালই সাইমন চট্রগ্রামের নির্বাচনি প্রচারনায় অংশ নিয়েছেন নৌকার প্রার্থীর পক্ষে। সব মিলিয়ে কেমন কেটেছে জানতে চাইলে সাইমন বলেন, বেশ ভালো কাটছে। ব্যস্ততার মধ্যে দিয়ে সময়টা কাটছে। মধ্যে তো করোনার কারণে কাজ তেমন একটা করিনি। তবে এখন আবার কাজ শুরু করছি।

নতুন তিন ছবিতে চুক্তিবদ্ধ প্রসঙ্গে সাইমন বলেন, খুব দ্রুতই এগুলোর কাজ পর্যায়ক্রমে শুরু হবে। এরমধ্যে শামিম আহমেদ রনী পরিচালিত ‘লাইভ’ ছবিটির শুটিং শুরু হবে চলতি মাসের ২৭ তারিখ। একই পরিচালকের ‘নরসুন্দরী’ এবং শাহিন সুমন পরিচালিত ‘গ্যাংস্টার’ ছবির শুটিংও শুরু হবে পর পর। তিনটি ছবিই প্রযোজনা করছে শাপলা মিডিয়া। আশা করছি মাহির সঙ্গে আমার জুটি দর্শক আবারও গ্রহণ করবেন।

চলতি সময়ের চলচ্চিত্রের অবস্থা নিয়ে সাইমন বলেন, গত বছরটি কারো জন্যই ভালো যায়নি। তবে নতুন বছরে চলচ্চিত্র ঘুড়ে দাড়াবে বলেই আমার বিশ্বাস। কারণ অনেক ভালো ভালো ছবির ঘোষণা এসেছে। কিছু ছবি মুক্তির জন্যও প্রস্তুত। সব মিলিয়ে আশা তো করতেই পারি।

সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার ক্ষেত্রে বিষয়ে সাইমন বলেন, চলচ্চিত্র একটা টিমওয়ার্ক। টিমওয়ার্ক ছাড়া ভালো সিনেমা সম্ভব না। তাই গল্প, চরিত্র, নির্মাতা, কোআর্টিস্ট প্রতিটি বিষয়কেই মাথায় রাখতে হয়। এ কারণেই বেশ বুঝে শুনে সিনেমা হাতে নিচ্ছি এখন।