বিনোদন ডেস্ক
এবার ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করবেন কঙ্গনা রানাওয়াত। এর আগে জয়ললিতার বায়োপিকের পর ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কঙ্গনাকে।
এ অভিনেত্রী সোশ্যাল হ্যান্ডেলে ইতিমধ্যেই বিষয়টি নিয়ে ইঙ্গিত দিয়েছেন। যেখানে তিনি জানান, ইন্দিরা গান্ধীর কোনো বায়োপিক তৈরি করা হচ্ছে না। এটি একটি রাজনৈতিক ছবি। যেখানে তিনি ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করবেন তিনি।
এদিকে, কঙ্গনা টুইট করে ইতিমধ্যেই ইন্দিরা গান্ধীকে নিয়ে তার পরবর্তী সিনেমার লুক প্রকাশ করেছেন। জানা গিয়েছে ইন্দিরা গান্ধীকে নিয়ে যে ছবি তৈরি করা হচ্ছে, তার চিত্রনাট্যের কাজ প্রায় শেষ হয়ে গেছে।
এই ছবিতে কঙ্গনার পাশপাশি আরও বেশ কয়েকজন অভিনেতা রয়েছেন। ইন্দিরা গান্ধীকে নিয়ে যে রাজনৈতিক ছবি তৈরি করা হচ্ছে, তা নিয়ে তিনি উচ্ছ্বসিত বলে জানান কঙ্গনা।
কঙ্গনা রানাউত ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করার অপেক্ষায় রয়েছেন। তাঁকে তিনি ভারতীয় রাজনীতির ইতিহাসে সবচেয়ে মর্যাদাপূর্ণ নেতা বলে সম্বোধন করেছেন। কঙ্গনা আরও বলেছেন যে অনেক নামী অভিনেতা ও অভিনেত্রীকে এই ছবিতে দেখা যাবে। তাঁরা সঞ্জয় গান্ধী, রাজীব গান্ধী, মোরারজি দেশাই এবং লাল বাহাদুর শাস্ত্রীর মতো রাজনৈতিক নেতাদের চরিত্রে অভিনয় করবেন। তবে ছবির নাম এখনও ঠিক হয়নি। শোনা যাচ্ছে ছবির নাম নিয়ে অনেক বিচার বিশ্লেষণ চলছে।
এটি ছাড়াও কঙ্গনার ঝুলিতে এখন রয়েছে একাধিক ছবি। তার মধ্যে রয়েছে ‘ধাকড়’ ও ‘তেজাস’। এছাড়া ‘মণিকর্ণিকা’র সিক্যুয়েলও আনতে চলেছেন অভিনেত্রী। কাশ্মীরের রানি দিদ্দার কাহিনি নিয়ে তৈরি হবে ছবিটি। ছবির নাম ‘মণিকর্ণিকা রিটার্নস: দ্য লেজেন্ড অফ দিদ্দা’। ছবিটি প্রযোজনা করবেন কমল জৈন ও কঙ্গনা রানাউতের মণিকর্ণিকা প্রোডাকশনস।






















