বিনোদন ৬ সেপ্টেম্বর, ২০১৯ ০৫:৫২

জয়া ও মিথিলাকে নিয়ে যে তথ্য ফাঁস করলেন সৃজিত

বিনোদন ডেস্ক ।। 

কলকাতার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে জড়িয়ে নানা সময়ে বিভিন্ন অভিনেত্রীর নাম শোনা গেছে। এর মধ্যে বাংলাদেশের জয়া আহসান, রাফিয়াত রশিদ মিথিলারও আছেন।

দুই অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক বন্ধুত্বের- বরাবরই এই কথা বলেছেন সৃজিত। সম্প্রতি আনন্দবাজার পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তাদের প্রসঙ্গ চলে আসে। যদিও কথোপকথনের মূল বিষয় ছিল সৃজিতের পরের সিনেমা ‘গুমনামী’।

আপনাকে ঘিরে মাঝেমধ্যেই বিভিন্ন নারীর নাম উঠে আসে। আপনার মিউজ কে?- এমন প্রশ্নে সৃজিত বলেন, “মিউজ কি একজন নারীই হতে হবে? এই মুহূর্তে অনির্বাণ ভট্টাচার্য আমার মিউজ। জয়া (আহসান) যেমন অভিযোগ করে, ‘তুমি সারা জীবন যিশুদা, বুম্বাদাকে নিয়ে ছবি করে যাবে।’ ঋতুরও (ঋতুপর্ণা সেনগুপ্ত) একই অভিযোগ। ঘটনাচক্রে আমার মাথায় পুরুষ চরিত্র কেন্দ্রিক ছবিই বেশি আসে। আর ‘রাজকাহিনি’তে ১৩ জন মহিলাকে একসঙ্গে নিয়ে নিয়েছি (হাসি)!”

সৃজিতের ‘রাজকাহিনি’ ও ‘এক যে ছিল রাজা’ সিনেমায় অভিনয় করেন জয়া। ‘শাহজাহান রিজেন্সি’ থাকছেন শোনা গেলেও পরে ঢাকার নায়িকা পিছিয়ে আসেন।

আপনার বাংলাদেশের বান্ধবী রাফিয়াত রশিদ মিথিলাকে মিউজ বলবেন না কি প্রেমিকা? “আমরা খুব ভালো বন্ধু। মিথিলা খুব গুণী মেয়ে। ও ব্র্যাকের মতো একটি এনজিওতে কাজ করে। তার সঙ্গে অভিনয়-সঞ্চালনাতেও নিপুণ। যেভাবে সবটা ব্যালান্স করে, তার জন্য ওকে শ্রদ্ধা করি।”

মিথিলাকে সিনেমায় নেওয়ার প্রসঙ্গে বলেন, “সে রকম চরিত্র মাথায় এলে ভাবব। এই মুহূর্তে আমার মাথায় শুধুই অনির্বাণ!”

এখন দেখার বিষয় মিথিলার জন্য সৃজিতের মাথায় কোনো চরিত্র আসে কিনা!

এ দিকে সাক্ষাৎকারে সৃজিত জানিয়ে দিলেন, প্রেম করার বয়স এখন নেই। তিনি বিয়েই করতে চান।