বিনোদন ডেস্ক
দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় খল চরিত্রের অভিনেতা কবির দুহান সিং বাংলাদেশের ‘নেত্রী দ্য লিডার’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। গত ৪ ফেব্রুয়ারি এমন খবর ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার জানিয়েছে। এমনকি এ অভিনেতা টুইট করে এ তথ্যটি নিশ্চিত করেছিলেন।
এবার খবর, শুধু কবিরই নয় এ সিনেমায় যুক্ত হচ্ছেন ভারতের আরও দুই জনপ্রিয় অভিনেতা। তাঁরা হলেন ভোজপুরী অভিনেতা ও সাংসদ রবি কিষান ও অভিনেতা প্রদীপ রাওয়াত। এরই মধ্যে এ সিনেমার জন্য তাঁরা চুক্তিও সেরেছেন বলে গণমাধ্যমে খবর এসেছে।
অনন্ত জলিলের এক ঘনিষ্ঠ সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, আগামীকাল রোববার বিকেলে গণমাধ্যমকে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে এ প্রসঙ্গে বিস্তারিত জানানো হবে। এ ছাড়া অনন্ত জলিলের মুক্তির অপেক্ষায় থাকা ‘দিন দ্য ডে’ সিনেমার আপডেট জানানো হবে।
এর আগেই জানা গেছে ‘নেত্রী দ্য লিডার’ সিনেমায় কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করবেন অনন্ত জলিলের স্ত্রী বর্ষার সঙ্গে অনন্ত জলিল নিজেও অভিনয় করবেন।
এদিকে ভারতীয় অভিনেতা রবি কিষান ‘বিগ বস’ ও ‘ঝলক দিখলা যা’ প্রতিযোগিতার বাইরে সিনেমাতেও বেশ জনপ্রিয়। অন্যদিকে, প্রদীপ রাওয়াত আমির খানের ‘গজনি’ সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছে।
এর আগে এ সিনেমা প্রসঙ্গে কবির সিং জানিয়েছিলেন, সিনেমাটি বাংলাদেশ ও তুরস্কের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে, যার ৯৫ শতাংশ শুটিং হবে তুরস্কের বিভিন্ন লোকেশনে আর পাঁচ শতাংশ শুটিং হবে ঢাকায়। সিনেমাটি পরিচালনা করবেন ইফতেখার চৌধুরী।






















