বিনোদন ৭ সেপ্টেম্বর, ২০১৯ ০৬:০২

যে শর্তে আবারও বলিউডে ফিরছেন আশিক বানায়া'র নায়িকা

ডেস্ক রিপোর্ট ।।

বলিউড অভিনেতা নানা পাটেকারের বিরুদ্ধে দশ বছরের পুরনো যৌন হেনস্তার অভিযোগ তুলে ঝড় বইয়ে দিয়েছিলেন তিনি। এরপর আমেরিকায় ফিরে যান ৩৫ বছর বয়সী এই তারকা। সেদিক থেকেই বলিউডের মিটু হ্যাশট্যাগ আন্দোলন ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে অভিনেত্রী তনুশ্রী দত্তের নাম আসবে সবার আগে। কিন্তু চমকপ্রদ খবর হলো, প্রায় দশ বছরের বিরতির পর হিন্দি ছবিতে ফিরছেন তনুশ্রী। তবে শুধু ফিরছেন তাই নয়; সম্পূর্ণ নতুন রূপে ফিরছেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, আমি বলিউডে ফিরতে যাচ্ছি। এবারের অধ্যায়ে ভালো সিদ্ধান্ত নিয়ে এগোবো। ভালো মনোভাব পোষণ করেন এমন মানুষদের সঙ্গেই কেবল কাজ করবো। খারাপ অভিজ্ঞতা থেকেই এসব শিখেছি। তাই এবার বলিউডে ফিরতে চাচ্ছি সম্পূর্ণ নতুন রূপে।

এছাড়াও নিজের তিক্ত অভিজ্ঞতার বিষয়ে তিনি জানিয়েছেন, বলিউডে নিজের পুরনো তিক্ত অভিজ্ঞতার নিরিখে এখনকার পরিস্থিতিকে বাছবিচার করতে চান না বলেও তনুশ্রী। তার কথায়, আমি চাই না সেসব ঘটনা আমার জীবনের ওপর কোনও প্রভাব ফেলুক। বলিউডে এবার সুখকর স্মৃতি গড়বো।

তবে শর্ত জুড়ে দিয়ে তিনি আরও বলেছেন, যারা আমাকে ভালোভাবে উপস্থাপন করে আমার প্রতিভাকে তুলে ধরতে এবং ফুরফুরে পরিবেশ দিতে পারে এমন মানুষদের সঙ্গেই শুধু কাজ করবো।

সবশেষ ২০১০ সালে ‘অ্যাপার্টমেন্ট’ ছবির মাধ্যমে বড় পর্দায় দেখা গেছে তনুশ্রীকে। এতে বিমানবালা প্রীতি সেনগুপ্তের চরিত্রে অভিনয় করেছেন তিনি। ২০০৫ সালে ‘আশিক বানায়া আপনে’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার।