বিনোদন ৯ সেপ্টেম্বর, ২০১৯ ০৮:৫০

পাকিস্তানি পেসারকে বুকে জড়িয়ে ধরলেন শাহরুখ, অতঃপর...(ভিডিও)

বিনোদন ডেস্ক ।। 

নিজে অনেক পরিশ্রম করে সফল হয়েছেন। তাই প্রতিভার কদর বোঝেন শাহরুখ খান। ভালো করেই জানেন, কোনো প্রতিভাকে একটু সাহস আর অনুপ্রেরণা দিলে ক্রমেই সে সাফল্যের চূড়ায় যেতে পারবে। আর সেটাই করলেন বলিউড বাদশা।

এ মুহূর্তে ক্যারিবিয়ান প্রিমিয়র লিগে (সিপিএল) খেলছে শাহরুখের দল ত্রিনবাগো নাইট রাইডার্স। দলটির হয়ে মাঠ কাঁপাচ্ছেন পাকিস্তানের সম্ভাবনাময়ী ও প্রতিশ্রুতিশীল পেসার মোহম্মদ হাসনাইন। বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের হয়ে ওয়ানডে সিরিজ খেলেন তিনি।

হাসনাইনের বয়স মাত্র ১৯। ক্রিকেটকে সঙ্গী করেই সামনের দিনগুলোতে প্রতিষ্ঠিত হতে চান এই তরুণ। এখন পর্যন্ত সেই পথেই আছেন এ টিনএজার। সুযোগ পেয়েছেন সিপিএলে খেলার।

গেল শুক্রবার ৪ ওভার বল করেন হাসনাইন। কোনো উইকেট না পেলেও তার খেলা মনে ধরেছে শাহরুখের। ১৯ বয়সী পাক তরুণকে ভবিষ্যতের তারকা মানছেন কিং খান। যে কারণেই ম্যাচ জেতার পর ড্রেসিংরুমে তাকে বুকে জড়িয়ে ধরেন তিনি।

উদীয়মান স্পিডস্টারের প্রতি এ সমর্থন দেখে প্রশংসায় ভাসছেন শাহরুখ। কুচ কুচ হোতা হ্যায় নায়ককে প্রশংসায় ভেজাচ্ছেন সোশ্যাল অ্যাক্টিভিস্টরা।

বিলাল নামের একজন টুইটারে লিখেছেন, পাকিস্তানি ফাস্ট বোলার হাসনাইনকে বুকে জড়িয়ে অনন্য নজির স্থাপন করেছেন শাহরুখ। কিংবদন্তীরা এমনটা করলে স্বভাবতই উৎসাহিত হয় তরুণরা। আশা করি, কিং খানের পরশে পাক পেসারও উৎসাহ বোধ করবেন। এভাবেই বলি সুপারস্টারের প্রশংসা করছেন নেটিজেনরা।

লিগের প্রথম ম্যাচে ৩ উইকেট শিকার করেন হাসনাইন। তাতে দুর্দান্ত জয় তুলে নেয় ত্রিনবাগো।