বিনোদন ডেস্ক
সাবেক স্বামী পারভেজ সানজারিকে অ্যাসিড নিক্ষেপে হত্যা চেষ্টার মামলায় আদালতে আত্মসমর্পণ করে স্থায়ী জামিন পেয়েছেন জনপ্রিয় পপ গায়িকা মিলা।
গতকাল বুধবার ঢাকার জেলা ও দায়রা জজ আদালতে শুনানি শেষে বিচারক দিলারা আলো চন্দনা দশ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেছেন। তবে জামিন পেয়েও খুশি হতে পারছেন না মিলা।
তিনি গণমাধ্যমকে বলেন, আমার জামিন পাওয়াটা বড় কথা না। কারণ, আমাকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। এখন পর্যন্ত এই মিথ্যা মামলা নিয়ে আমাকে সবার কাছে জবাবদিহি করতে হচ্ছে। এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না। সবাই যেন আমার নামটা বেঁচে খাচ্ছে। আপনাদের লাভ কি আমাকে এভাবে অসম্মান করে। আমাকে নিয়ে এভাবে খেলার তো কোনও মানে নেই। আমাকে নিয়ে কেন এভাবে গেম হচ্ছে। এখন থেকে আমি আর কাউকে আমাকে নিয়ে খেলতে দেব না।
মিলার দাবি, আদালতে বসা অবস্থায় তিনি তার সাবেক স্বামী পারভেজ সানজারির কাছ থেকে হুমকি পেয়েছেন। কিন্তু এতে তিনি মোটেও বিচলিত হননি। তবে যতই হুমকি দেওয়া হোক কোন অবস্থাতেই স্বামীর বিরুদ্ধে দায়ের করা নির্যাতন ও যৌতুকের মামলা প্রত্যাহার করবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন এই পপ গায়িকা। তিনি বলেন, আমি বারবার বলেছি, আমার মামলা সত্য, আমি এই মামলা তুলে নেব না। দরকার হয় আমি জেলে যাব, তারপরও নত হব না। কারণ, আমিই সত্য। আর এই সত্যের বিচার একদিন হবেই।
উল্লেখ্য, ২০১৭ সালের ১২ মে সংগীতশিল্পী মিলা ও পাইলট পারভেজ সানজারি বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিন্তু বিয়ের কিছুদিনের মধ্যেই তাদের সম্পর্কে ফাটল ধরে। দাম্পত্য কলহের জেরে ওই বছরই ৫ অক্টোবর স্বামী সানজারির বিরুদ্ধে যৌতুক আইনে একটি মামলা করেন মিলা। ওই মামলায় সানজারি জামিন পাওয়ার পর ২০১৮ সালের ৩১ জানুয়ারি মিলাকে তালাক দেন।






















