বিনোদন প্রতিবেদক: 'জয় বাংলা ধ্বনি' সিনেমার চিত্রনাট্য লিখেছেন বীর মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ নেতা শাজাহান খান, এমপি। সম্মানী হিসেবে পেয়েছেন ৪৫ হাজার টাকা। এ সিনেমায় অভিনয় করেছেন দেশের নন্দিত অভিনেতা ও সাংসদ আসাদুজ্জামান নূর। এছাড়া অভিনয় করছেন নায়ক নিরব হোসেন ও অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল।
আজ ২০ অক্টোবর ছবিটি নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ছবিটি পরিচালনা করবেন খ.ম. খুরশীদ।
ছবির কাহিনী লেখা প্রসঙ্গে তিনি বলেন, 'জয় বাংলা স্লোগান নিয়ে আমাদের সবার যে আবেগ, আমার নিজের যে আবেগ, মুক্তিযুদ্ধে যাওয়ার যে প্রেরণা এবং এই স্লোগানের যে গর্বিত ইতিহাস তার প্রতি শ্রদ্ধা জানাতেই এই কাহিনী লিখেছি৷ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে ধন্যবাদ এই কাহিনীকে সিনেমার জন্য সরকারি অনুদানে বাছাই করায়৷ আমি ধন্যবাদ জানাই এই ছবির পরিচালক ও শিল্পী এবং কলাকুশলীদের প্রতি।' ছবিটি সারা দেশের মানুষের কাছে সমাদৃত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন শাজাহান খান, এমপি।
আগামী ১ নভেম্বর 'জয় বাংলা ধ্বনি' সিনেমার শুটিং শুরু হবে বলে নিশ্চিত করলেন পরিচালক খ.ম. খুরশীদ।
আমাদের কাগজ//জেডআই






















