বিনোদন ডেস্ক: হলিউডে মোটামুটি জনপ্রিয়তায় শক্ত অবস্থান করেছেন বলিউড কাঁপানো জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। গায়ক নিক জোনাসকে বিয়ে করেছেন সেখানে, হয়েছেন কন্যাসন্তানের মা। প্রায় দীর্ঘদিন ভারতে ফেরা হয়নি এই নায়িকার। তবে এবার তিন বছর পর দেশে ফিরছেন এই অভিনেত্রী।
প্রিয়াঙ্কা সোমবার ভোরে তার ইনস্টাগ্রামে লিখেছেন, ‘অবশেষে বাড়ি ফিরছি… দীর্ঘ তিন বছর পরে।’ মহামারি করোনার সময় নিক-প্রিয়াঙ্কা যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিজেদের বাড়িতেই ছিলেন। মা হওয়ার পর এটাই প্রিয়াঙ্কার প্রথমবার নিজ দেশে ফেরা। মেয়ে মালতিকে নিয়ে এই প্রথমবার নিজ দেশে ফিরছেন মা প্রিয়াঙ্কা।
প্রসঙ্গত, ২০১৮ সালের ১ ডিসেম্বর যোধপুরের উমেদ প্যালেসে খ্রিস্টান মতে প্রিয়াঙ্কা-নিকের বিয়ের আনুষ্ঠানিকতা হয়। পরে ২২ জানুয়ারি সারোগেসির মাধ্যমে সন্তান গ্রহণের কথা ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে জানান তারা। এই দম্পতি তাদের প্রথম সন্তানের নাম রেখেছেন মালতি মেরি চোপড়া জোনাস। সূত্র: হিন্দুস্তান টাইমস
আমাদের কাগজ//জেডআই






















