বিনোদন ডেস্ক: স্কুল থেকে ফেরার পথে ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হয়েছেন এক সময়ে সালমান খানের সাথে জুটি বাধা জনপ্রিয় অভিনেত্রী রম্ভা (Rambha)। তিন সন্তান ও তাঁদের ন্যানিকে নিয়ে স্কুল থেকে ফেরার সময়ই দুর্ঘটনার কবলে পড়েন তিনি। ঘটনায় বাকিদের আঘাত তেমন গুরুতর না হলেও হাসপাতালে ভর্তি অভিনেত্রীর মেয়ে সাশা।
সোশ্যাল মিডিয়ায় এই দুর্ঘটনার খবর দেন রম্ভা। তুবড়ে যাওয়ার গাড়ি এবং হাসপাতালের বেডে শুয়ে থাকা সাশার ছবিও দেন অভিনেত্রী। ক্যাপশনে জানান, স্কুল থেকে যখন সন্তানদের নিয়ে ফিরছিলেন আচমকা একটি গাড়ি এসে ধাক্কা মারে। দুর্ঘটনায় সকলেই কমবেশি আহত হয়েছে। তবে সাশার চোট গুরুতর। তাই তাকে হাসপাতালে ভরতি করা হয়েছে। তবে তার অবস্থা স্থিতিশীল বলেই আভাস দিয়েছেন অভিনেত্রী। পাশাপাশি তাঁর এবং তাঁর পরিবারের সদস্যদের জন্য প্রার্থনা করার অনুরোধ জানিয়েছেন।
মাত্র ১৫ বছর বয়সে মালয়ালম ছবির মাধ্যমে নিজের অভিনয় কেরিয়ার শুরু করেন রম্ভা। তারপর বহু তামিল, তেলুগু, মালয়ালম ও কন্নড় ছবিতে অভিনয় করেছেন। বলিউডে সালমানের সঙ্গে ‘জুড়ুয়া’ ও ‘বন্ধন’ এর মতো সিনেমায় অভিনয় করেছেন। টলিউডে রম্ভা জুটি বেঁধেছিলেন মিঠুন চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে। ‘দাদা’, ‘চিতা’, ‘রিফিউজি’ সিনেমায় নজর কেড়েছিলেন অভিনেত্রী। ২০১০ সালের ৮ এপ্রিল কানাডাপ্রবাসী শ্রীলঙ্কান তামিল ব্যবসায়ী ইন্দ্রকুমারকে বিয়ে করেন রম্ভা। তারপর থেকে স্বামী, দুই মেয়ে এবং ছোট ছেলেকে নিয়ে টরোন্টোতেই থাকেন অভিনেত্রী। সেখানেই এই দুর্ঘটনাটি ঘটেছে।
আমাদের কাগজ/ইদি






















