বিনোদন ডেস্ক: পুরো পরিবার নিয়ে ‘দামাল’সিনেমাটি দেখেছেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সিনেমাটি নিয়ে ছবিটির প্রশংসা করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টও করেন তিনি।
মঙ্গলবার (১ নভেম্বর) পরিবার নিয়ে সব দর্শকের মতোই সিনেমাটি দেখেন। গত শুক্রবার (২৮ অক্টোবর) সারাদেশের ২২টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘দামাল’ সিনেমাটি। মুক্তির পর থেকেই আলোচনার শীর্ষে রয়েছে ছবিটি।
তিনি লেখেন, ‘৫২ বছর আগে দামাল ছেলেরা যখন খেলেছিল তখন তাদের নিজেদের একটা দেশ ছিল না, মানচিত্র ছিল না, পতাকা ছিল না। দেশের জন্য তারা খেলেছিল জীবন দিয়ে। আজ আমাদের স্বাধীন দেশ আছে, মানচিত্র আছে, লাল সবুজের পতাকা আছে। দেশের জন্য আজ আর আমাদের জীবন দিতে হবে না। শুধু হৃদয় দিয়ে খেলাটা খেললেই হবে।’
তিনি আরও লেখেন, ‘সপরিবারে দামাল সিনেমাটি দেখলাম। অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের পাশাপাশি দেশের জন্য ফুটবল খেলা। হতাশায় নিমজ্জিত বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্যরা তাদের কোচকে বিদায় জানিয়ে যাওয়ার আগে তিনি তাদেরকে থামিয়ে বসতে বলেন। তাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য সেই তিনি স্বাধীন বাংলা ফুটবল দলের সাহসীকতার কাহিনী শোনাতে শুরু করেন যিনি ১৯৭১ সালে স্বাধীন বাংলা ফুটবল দলের ম্যানেজার ছিলেন।’
সেই সঙ্গে সিনেমাটিতে অভিনয় করা শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, রাশেদ মামুন, শাহনাজ সুমিসহ যারা অভিনয় করেছেন তাদের প্রত্যেকের অভিনয়ের প্রশংসাও করেন তিনি।
আমাদের কাগজ//জেডআই






















