বিনোদন ডেস্ক: নানা নাটকীয়তার পর অবশেষে ঢাকায় আসার অনুমতি পেয়েছেন বলিউড তারকা নোরা ফতেহি। নভেম্বরে ঢাকায় আসার কথা ছিল নোরার, তবে সংস্কৃতি মন্ত্রণালয় নোরাকে ঢাকায় আসার অনুমতি দেয়নি। এবার আয়োজকদের আবেদনের প্রেক্ষিতে গতকাল অনুমতি দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
মন্ত্রণালয় জানিয়েছে, একটি তথ্যচিত্রের দৃশ্যধারণে অংশ নিতে ১৮ নভেম্বর ঢাকায় থাকতে পারবেন নোরা। উইমেন লিডারশিপ করপোরেশনের সভাপতি ইশরাত জাহান জানান, ‘গ্লোবাল অ্যাচিভারস অ্যাওয়ার্ডস-২০২২ ’-এর আয়োজনেই থাকবেন নোরা; পুরো আয়োজনের দৃশ্যধারণ করা হবে। যেটিকে তথ্যচিত্র বলছেন আয়োজকেরা। এর আগে ডিসেম্বরে মিরর গ্রুপের আয়োজনে নোরার ঢাকায় আসার ঘোষণা দেওয়া হয়েছিল। তবে অনুমতি পাননি তিনি।
‘সাকি সাকি’, ‘দিলবার’ গানে নাচ পরিবেশন করে ঝড় তোলা নোরা এ মুহূর্তে বলিউডের সেরা নারী নৃত্যশিল্পীদের একজন। আইটেম গানের শিল্পী হিসেবে নোরা বলিউডের বেশ কিছু ছবিতে নজর কেড়েছেন। সেগুলোর মধ্যে রয়েছে ‘কিক টু’, ‘শের’, ‘লোফার’, ‘সত্যমেভ জয়তে’, ‘স্ত্রী’, ‘ভারত’, ‘বাটলা হাউস’। হিন্দির পাশাপাশি দক্ষিণি ছবিতেও নোরা সমান দক্ষ।
মরক্কীয় বংশোদ্ভূত নোরার জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। ছোটবেলায় তিনি শাহরুখ খান ও হৃতিক রোশনের ভক্ত ছিলেন। আরবিতে ডাব করা তাঁদের অভিনীত সিনেমাগুলো দেখে বড় হয়েছেন নোরা।
আমাদের কাগজ//জেডআই






















