বিনোদন ডেস্ক: কিছুদিন আগেই প্রেগনেন্সি ফটোশুট করছিলেন তিনি। এবার দ্বিতীয় সন্তান জন্মের সুখবরটাও দিয়ে দিলেন বলিউড অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার (১১ নভেম্বর) দ্বিতীয় বার মা হলেন তিনি। আবারো কন্যা সন্তানের মা হয়েছেন দেবিনা।সুখবরটা সোশ্যাল মিডিয়ায় ফাঁস করেছেন স্বামী গুরমীত চৌধুরী।
গুরমীত জানান, চিকিৎসকদের নির্ধারিত সময়ের আগেই সন্তানের জন্ম দিয়েছেন দেবিনা। ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন অভিনেতা। ছবিতে দেখা যাচ্ছে, স্ত্রী দেবিনার কপালে চুম্বন করছেন তিনি। কয়েকটি গোলাপি বেলুন হাতে ধরে রেখেছেন দেবিনা। সঙ্গে লেখা, ‘ইটস আ গার্ল’।
ক্যাপশনে গুরমীত লিখেছেন, ‘আমাদের ছোট্ট মেয়েকে এই জগতে স্বাগত জানাই। আবারো বাবা মা হয়ে আমরা যতটা উত্তেজিত, ততটা গোপনীয়তাও আশা করছি যেহেতু সময়ের আগেই আমাদের সন্তান পৃথিবীর আলো দেখেছে। আমাদের আশীর্বাদ করবেন আর ভালবাসা দিতে থাকবেন।’
সুখবর আসতেই শুভেচ্ছা বার্তায় ভেসেছেন দেবিনা গুরমীত। কিন্তু অনেকেই মন্তব্য করেছেন, বড্ড তাড়াতাড়ি দ্বিতীয় সন্তানকে পৃথিবীতে আনলেন তাঁরা। দেবিনা গুরমীতের বড় মেয়ের বয়সই মোটে সাত মাস। গত এপ্রিল মাসে জন্ম হয় দুজনের প্রথম সন্তান লিয়ানার। এর মধ্যেই আবারো মা হলেন দেবিনা। এত ছোট দুই শিশুকে কীভাবে সামলাবেন তিনি, এটাই প্রশ্ন অনুরাগীদের।
কিছুদিন আগেই নতুন প্রেগনেন্সি ফটোশুটের ভিডিও শেয়ার করে ট্রোলড হয়েছিলেন দেবিনা। স্বল্প পোশাকে শরীরের উর্দ্ধাংশ ঢেকে স্ফীত বেবি বাম্প দেখিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন অভিনেত্রী। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা মাত্রই সমালোচনা শুরু করেন অনেকেই।
আমাদের কাগজ//টিএ






















