বিনোদন ২৩ নভেম্বর, ২০২২ ০৮:১৯

কোক স্টুডিও বাংলার দ্বিতীয় মৌসুমে ‘গাইবেন ’ রুনা লায়লা

বিনোদন ডেস্ক: সঙ্গীতপ্রেমীদের কাছে প্রিয় একটি নাম “কোক স্টুডিও”। ভারত ও পাকিস্তানের বিখ্যাত শিল্পীদের নিয়ে গানের এই সরাসরি অনুষ্ঠান বাংলাদেশের সঙ্গীতপ্রেমীদের কাছেও তুমুল জনপ্রিয়। ইতোমধ্যে কোক স্টুডিও বাংলার প্রথম মৌসুমে পাঁচটি গান প্রকাশ পেয়েছে। গানগুলো শ্রোতামহলে বেশ আলোচিত হয়েছে। জানুয়ারি থেকে শুরু হবে দ্বিতীয় মৌসুম, সেখানে গাইবেন উপমহাদেশের কিংবদন্তী শিল্পী রুনা লায়লাও।

বুধবার (২৩ নভেম্বর) সংবাদমাধ্যমটিকে রুনা লায়লা বলেন, “কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজনে আমি গাইছি। তবে কোন গানটা গাইব তা এখনই বলা যাচ্ছে না।”

বাংলাদেশেও কোক স্টুডিও চালুর উদ্যোগকে “চমৎকার” উল্লেখ করে তিনি বলেন, কোক স্টুডিও ভারত-পাকিস্তানে খুব জনপ্রিয়। আমাদের দেশেও বেশ জনপ্রিয়তা পেয়েছে। এর মাধ্যমে অনেক মেধাবী শিল্পীর উঠে আসার সুযোগ রয়েছে।”

জুলাইয়ে ভারতীয় বেশকিছু গণমাধ্যমে খবর চাউর হয়েছিল, কোক স্টুডিও বাংলায় গান করবেন উপমহাদেশের গুণী শাস্ত্রীয় সংগীতশিল্পী উস্তাদ রশিদ খান। ১ জুলাই জন্মদিনে আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, শিগগিরই কোক স্টুডিও বাংলায় অংশ নেবেন তিনি।

তবে কোক স্টুডিওর সঙ্গে রুনা লায়লা বা উস্তাদ রশিদ খানের সম্পৃক্ততার বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি সংশ্লিষ্টরা। এ বিষয়ে অর্ণবকে ফোন করা হলে তিনি রিসিভ করেননি। আর ইমন চৌধুরী বলছেন, এ ব্যাপারে তিনি কিছু জানেন না।

এর আগে, ২৩ ফেব্রুয়ারি ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউবে “নাসেক নাসেক” শিরোনামের গান দিয়ে শুরু হয় “কোক স্টুডিও বাংলা”র প্রথম মৌসুম।

আমাদেরকাগজ/ এএইচ