বিনোদন ২৫ নভেম্বর, ২০২২ ০৫:১১

প্রযোজক সুরেশ জিন্দাল আর নেই 

বিনোদন ডেস্ক: না ফেরার দেশে চলে গেলেন ‘শতরঞ্জ কি খিলাড়ি’র প্রযোজক সুরেশ জিন্দাল। চিকিৎসাধীন অবস্থায় নয়া দিল্লির এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

একে একে শরীরের সব অঙ্গ-প্রত্যঙ্গ বিকল হয়ে পড়ে পরিচালকের। দীর্ঘ অসুস্থতায় শয্যাশায়ী ছিলেন সুরেশ। নয়া দিল্লির এক হাসপাতালে গত এক মাসেরও বেশি সময় ধরে চিকিৎসা চলেছে তার। 

‘রজনীগন্ধা’ (১৯৭৪), ‘কথা’ (১৯৮২) এবং সত্যজিৎ রায়ের ছবি ‘শতরঞ্জ কি খিলাড়ি’র (১৯৭৭) মতো ছবির প্রযোজক ছিলেন তিনি। সত্যজিতের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে একটি বইও লিখেছিলেন, যার নাম ‘মাই অ্যাডভেঞ্চার্স উইথ সত্যজিৎ রায়: মেকিং অফ শতরঞ্জ কি খিলাড়ি’। সত্যজিতের মতো বাঙালি পরিচালকের সঙ্গে কাজ করাই ছিল সুরেশের জীবনের গুরুত্বপূর্ণ সুখস্মৃতি। সেই অভিজ্ঞতা তার জীবন বদলে দিয়েছিল বলে জানান। সূত্র : আনন্দবাজার

আমাদের কাগজ//জেডআই