বিনোদন ডেস্ক: সাম্প্রতিক এক সাক্ষাৎকারে প্রথম ছবি ‘কিরিক পার্টি’তে সুযোগ পাওয়ার নেপথ্য গল্প বলেছিলেন রাশমিকা মানদানা। কন্নড় ভাষার এই ছবি দিয়েই রাতারাতি তিনি বিখ্যাত। কিভাবে ছবিটিতে সুযোগ পেয়েছিলেন? সবই বলেছেন। শুধু একবারের জন্যও উচ্চারণ করেননি প্রযোজনা প্রতিষ্ঠান ও প্রযোজকের নাম।
আর তাতেই সর্বভারতীয় তারকা রাশমিকা মানদানার ওপর ক্ষুব্ধ স্যান্ডালউড [কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রি]। সেই রোষেই সম্ভবত স্যান্ডালউড থেকে নিষিদ্ধ হতে চলেছেন কর্ণাটকে জন্ম নেওয়া এই অভিনেত্রী। তাঁর এই আচরণে হতবাক ভক্তরাও! সামাজিক যোগাযোগ মাধ্যমে বলছে, খ্যাতির চূড়ায় উঠে নায়িকা কি ন্যূনতম সৌজন্যবোধও হারিয়ে ফেলেছেন?
সাক্ষাৎকারে রাশমিকা জানিয়েছেন, সেখানে তিনি নিজের সিনে ক্যারিয়ারের প্রথম দিকের গল্প শেয়ার করেন। কন্নড় সিনেমা ‘কিরিক পার্টি’ দিয়ে অভিষেক হয়েছিলো তার। ছবিটির নাম বললেও সাক্ষাৎকারে তিনি ইচ্ছেকৃতভাবে প্রযোজনা প্রতিষ্ঠানের নাম এড়িয়ে যান। যেটার নাম পারামাভ স্টুডিওস, এটির কর্ণধার রক্ষিত শেঠি, যিনি ‘কিরিক পার্টি’তে রাশমিকার নায়ক ছিলেন। শুধু তাই নয়, রাশমিকার সঙ্গে তার প্রেম ছিলো, এমনকি তারা বিয়ের জন্য বাগদানও করেছিলেন! কিন্তু কোনও কারণে সেই সম্পর্কে ইতি ঘটে।
কন্নড় ছবির অনেকেই টুইট করে রাশমিকাকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন। ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, কন্নড় ছবির ইন্ডাস্ট্রি ও প্রযোজনা প্রতিষ্ঠান শিগগির রাশমিকার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে। ভবিষ্যতে তাঁকে কন্নড় ছবিতে আর দেখা না-ও যেতে পারে।
রাশমিকার পরবর্তী ছবি ‘পুষ্পা ২’ এবং ‘ভরিশু’ কর্ণাটকেই তৈরি হচ্ছে, সেগুলোও নিষিদ্ধ ঘোষণা করার ডাক দেন অনেকে।
আমাদের কাগজ//টিএ






















