দুর্ঘটনার কবলে মিঠুন
ছবিঃ ইন্টারনেট
আমাদের কাগজঃ দুর্ঘটনার কবলে পড়ল বিজেপি নেতা ও ভারতের প্রবীণ অভিনেতা মিঠুন চক্রবর্তীর গাড়ি। শনিবার বাঁকুড়া থেকে আসানসোল যাওয়ার পথে জনপ্রিয় এই অভিনেতার গাড়ি দুর্ঘটনায় পড়ে। তবে মিঠুন বা তার সঙ্গে থাকা সবাই সুরক্ষিত আছেন। যথা সময়েই মিঠুন দুর্গাপুর পৌঁছন। যদিও তাঁর গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, এতে গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও মিঠুন ও তার সঙ্গে থাকা সবাই ভালো আছেন।
খবরে বলা হয়, বাঁকুড়ায় রাজনৈতিক কর্মসূচি শেষে ফিরছিলেন মিঠুন।নিরাপত্তার কারণে তার গাড়ির সামনে-পেছনে ছিল নিরাপত্তারক্ষীর গাড়ি। প্রথম গাড়িটির সামনে হঠাৎ একটি সাইকেল ঢুকে পড়ে। সেই সাইকেল আরোহীকে বাঁচাতে সামনের গাড়ি হঠাৎ ব্রেক করলে পেছনে থাকা মিঠুনের গাড়ি সেই গাড়িতে ধাক্কা দেয়। মিঠুনের গাড়ির পেছনে থাকা গাড়িটিও ধাক্কা দেয় মিঠুনের গাড়িতে।
সামনের ও পেছনের গাড়ির মধ্যে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মিঠুনের গাড়ি। এতে গাড়ির সামনের অংশ খুলে পড়ে। পরে ক্ষতিগ্রস্ত গাড়িটি নিয়েই আসানসোলে পৌঁছান মিঠুন। অভিনয় ও সঞ্চালনা ছাড়াও অনেক দিন ধরেই রাজনীতিতেও সক্রিয় ভূমিকা পালন করছেন তিনি।
আমাদের কাগজ/এম টি