বিনোদন ২২ ডিসেম্বর, ২০২২ ০৬:০১

উরফিকে ধর্ষণ ও হত্যার হুমকি, যুবক আটক

বিনোদন ডেস্ক: ভারতীয় টিভি অভিনেত্রী ও ফ্যাশন ডিজাইনার উরফি জাভেদ অদ্ভুত পোশাকে নিজেকে উপস্থাপন করেছেন। কখনও স্বচ্ছ প্লাস্টিক, কখনও কাঁচ, কখনও ঝিনুক আকৃতির পোশাক পরে ট্রোলড হয়েছেন। তবে সমালোচনার তোয়াক্কা করেন না তিনি। বরং পোশাক নিয়ে বারবার খবরে থাকতে পছন্দ করেন তিনি।

তবে এবার পোশাকের কারণে নয়, অন্য কারণে শিরোনামে এসেছেন উরফি। তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। ধর্ষণের হুমকিও দেওয়া হয়েছে। এমনকি হোয়াটসঅ্যাপেও! হোয়াটসঅ্যাপের মাধ্যমে উরফি জাভেদকে হত্যা ও ধর্ষণের হুমকি দেন ওই ব্যক্তি।

এরপরই তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। শুক্রবার তার বিরুদ্ধে আইপিসির ইউ/এস ৩৫৪ (এ) অর্থাৎ শারীরিক নির্যাতন, ৩৫৪ (ডি) স্টকিং করার অপরাধে, ৫০৯, ৫০৬ ধারায় মামলা দায়ের করা হয়। বাদ দেওয়া হয় না আইটি অ্যাক্টও। এরপর পুলিশ সেই ব্যক্তিকে গ্রেফতার করে।

পুরো বিষয়টি জানিয়ে টুইটারে একটি পোস্ট করেছেন অভিনেত্রী। তিনি লিখেছেন, 'এই লোকটি আমাকে প্রতিদিন একটি নতুন নম্বর থেকে ধর্ষণ ও হত্যার হুমকি দিচ্ছিল। যেহেতু আমি এখন দেশে নেই, আমি অফিসিয়াল কোনো অভিযোগ করতে পারছি না, তবে আমি তার ছবি সবার সাথে শেয়ার করেছি। আমি এই ব্যক্তি সম্পর্কে সবাইকে সতর্ক করে দিয়েছি।' তারপর তিনি পোস্টে মুম্বাই পুলিশ এবং মুম্বাই পুলিশের সিপিকে উল্লেখ করেছেন।

অভিনেত্রী সেই ব্যক্তির একটি ছবি টুইট করেছেন এবং তার পাঠানো কুৎসিত বার্তাটির একটি স্ক্রিনশটও পোস্ট করেছেন। এরপর মুম্বাই পুলিশ যোগাযোগ করে উরফির সঙ্গে এবং ব্যক্তিকে গ্রেফতার করে।

আমাদেরকাগজ/এইচএম