বিনোদন ২৫ ডিসেম্বর, ২০২২ ০৭:৪১

এবার যৌনকর্মীদের নেত্রীর চরিত্রে মৌসুমী হামিদ

বিনোদন ডেস্ক: অভিনয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন মৌসুমী হামিদ। টিভি নাটক, ওটিটি বড় পর্দা মিলে বেশ কিছু কাজ শেষ করেছেন সম্প্রতি। যার একটি রাশিদ পলাশের রং বাজার যেখানে যৌনকর্মীদের নেত্রীর চরিত্রে অভিনয় করেছেন তিনি।

সেই চরিত্র নিয়ে কথা বলেছেন মৌসুমী হামিদ। সিনেমার গল্প নিয়ে তিনি বলেন, এই সিনেমাটি নারায়ণগঞ্জের টান বাজার নামের একটি জায়গার ৪০০ বছরের পুরোনো পতিতালয় উচ্ছেদের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত।

নিজের চরিত্র নিয়ে বলেন, পতিতালয়টি উচ্ছেদ করতে চাইলেও স্বাভাবিকভাবে তারা যেতে চাইছিল না। সেই আন্দোলনের নেতৃত্বে ছিল যে মেয়েটি, আমি তার চরিত্রে অভিনয় করেছি। এমনিতে ওই মেয়েটির নাম ছিল হাজেরা। তবে সিনেমায় তার নাম কবিতা।

রং বাজার ছাড়াও আরও কিছু কাজ শেষ করেছেন মৌসুমী। বলেন, শঙ্খ দাশ গুপ্তের গুটি নামের একটি ওয়েব সিরিজে কাজ করেছি। জানুয়ারির প্রথম সপ্তাহে সেটা রিলিজ হবে। বেশ কয়েকটি সিনেমাতেও কাজ করলাম। এর মধ্যে একটি সাদিক আহমেদ পরিচালিত। হাবিবুল ইসলাম হাবিবের যাপিত জীবন সিনেমার শুটিংও শেষ হয়েছে। এখন (শনিবার) নতুন একটি ছবির শুটিং করতে এসেছি। তবে এটা নিয়ে এখনই কিছু বলা যাবে না।

 

 

 

 

আমাদের কাগজ/টিআর