বিনোদন ১ জানুয়ারি, ২০২৩ ০৬:১২

নতুন বছরে দারুণ সিনেমা উপহার দেওয়া হবে : শাকিব খান

বিনোদন ডেস্ক : শাকিব খানের মূল পরিকল্পনা ভালো মানের সিনেমা উপহার দেওয়া। দেখতে দেখতে স্মৃতির অতল গহ্বরে হারিয়ে গেল আরও একটি বছর। ২০২২ সালের বিদায়ের মাধ্যমে সময়ের আবর্তনে হাজির হয়েছে ২০২৩ সাল। বিগত বছরের পুরোনো দুখ-দুর্দশা আর গ্লানি পেছনে ফেলে অনেকেই নতুন লক্ষ্য নিয়ে নতুন বছরকে বরণ করে নিয়েছেন। শাকিব খানও এক্ষেত্রে ব্যতিক্রম নন।

বড় বাজেটের ভালো কাজগুলোও দর্শকদের উপহার দেওয়ার চিন্তাভাবনা শাকিবের। শুধু তাই না, নতুন বছর যেন সবারই ভালো আর আনন্দে কাটে, প্রতিটি মানুষ যেন নিজ নিজ অবস্থান থেকে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যায়- এটাই প্রত্যাশা ঢালিউড সুপারস্টারের।

শাকিব খান বলেন, “সংখ্যায় কম হলেও ভালো বাজেটের বেশ কয়েকটি বড় কাজ করব। গত বছর অনেক কাজ নিয়েই পরিকল্পনা হয়েছে। সেগুলো এ বছর বাস্তবায়নের মুখ দেখবে। সর্বোপরি এ বছরটা হবে সেরা প্রকল্পগুলো করার বছর। নতুন বছর একটু অন্যরকমভাবে বছরটা শুরু করতে চাই। কাজ নিয়ে নতুন ভাবনা রয়েছে আমার। দর্শকদের নতুন কিছু উপহার দিতে দেব এ বছর।”

মহামারি করোনাভাইরাসের ধাক্কা কাটিয়ে ২০২২ সালে মানুষ পুরোদমে স্বাভাবিক জীবনে ফিরেছিলো। একই কথা প্রযোজ্য ছিল দেশের চলচ্চিত্র অঙ্গনের ক্ষেত্রেও। কোভিডের থাবার পর ২০২২ সালটা ছিল ঢাকাই চলচ্চিত্রের জন্য ছিল ঘুরে দাঁড়ানোর বছর। গত বছর মুক্তি পাওয়া বেশ কয়েকটি সিনেমা ইন্ডাস্ট্রির জন্য আশার আলো দেখিয়েছে। একই সুর শাকিব খানের কণ্ঠেও। তিনি বলেন, “করোনাভাইরাসের পর আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ নিয়ে ছুটেছে। গেল বছর এ অবস্থার কিছুটা উত্তরণ হয়েছে। আমাদের জন্য নতুন বছরে আশা করি আরও ভালো কিছু অপেক্ষা করছে।”

শাকিব বলেন, নতুন নতুন কাজের ঘোষণা নয়, বরং মানসম্মত কাজের মাধ্যমেই ভক্তরা তাদের প্রিয় নায়কের শ্রেষ্ঠত্বের প্রমাণ পাবেন । নতুন কোনো সিনেমার কাজ নিয়ে আপাতত আগ বাড়িয়ে আর কিছু বলেননি শাকিব। এই ঢালিউড অভিনেতা বলেন, “কাজে নেমেই সব জানাব এ বছর। ভালো কাজগুলো শেষ করে এ বছর দর্শক ও আমাকে যারা ভালাবাসেন তাদের উপহার দেবো।”

শাকিব খান অভিনীত দুটি ছবি মুক্তির অপেক্ষায় আছে। এর মধ্যে একটি হলো তপু খান পরিচালিত “লিডার, আমিই বাংলাদেশ” আর অন্যটি ওয়াজেদ আলী সুমন পরিচালিত “অন্তরাত্মা”। দুটি সিনেমাই সামাজিক গল্প নির্ভর চিত্রনাট্যের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।

আমাদেরকাগজ/ এইচকে