বিনোদন ডেস্ক: দক্ষিণী সিনেমার জনপ্রিয় ও ‘জাতীয় ক্রাস’ রাশমিকা মন্দানা। বলিউডে ‘গুডবাই’ ছবির মধ্য দিয়ে পা রাখেন এই নায়িকা। বলিউডে পা দিতে না দিতেই রং বদলে ফেলেছেন রাশমিকা। তাই তো দক্ষিণী ইন্ডাস্ট্রি নয়, বলিউডই এখন তাঁর বেশি আপন! অভিনেত্রীকে নিয়ে এমন সমালোচনায় মুখর গোটা দক্ষিণী ইন্ডাস্ট্রি। এবার গোটা বিতর্ক নিয়ে ‘সাফাই’ গাইলেন অভিনেত্রী।
সম্প্রতি দক্ষিণী ছবির গানের সঙ্গে বলিউডি ছবির গানের তুলনা করেছিলেন রাশমিকা। অভিনেত্রী জানিয়েছিলেন, রোমান্টিক গানে দক্ষিণী ইন্ডাস্ট্রি টেক্কা দিতে পারবে না বলিউডকে। কারণ দক্ষিণের গান মানেই নাকি আইটেম সং। সেখানে শুধুই ‘মশলাদার চটক’, রোমান্স নেই সেই গানে! এরপর দক্ষিণী ইন্ডাস্ট্রিতে সমালোচনা উঠতেই অভিনেত্রী জানালেন, ‘আমি মোটেই ওতোটা বোকা নই, যে কন্নড়, তামিল,তেগুলু ইন্ডাস্ট্রিতে আমার যে সব সুন্দর সুন্দর গান আছে তা ভুলে যাব’। তাঁর মন্তব্যের ভুল বাখ্যা করা হয়েছে বলে দাবি রাশমিকার।
তিনি বলেন, ‘শব্দগুলোকে মোচড় দেওয়া হয়েছে। কেউ পুরোটা শুনতে চায় না। আমি চারটে ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমি সবকিছুর জন্য কৃতজ্ঞ। জানি না মানুষজন কেন ভাবছে আমি নিজের শিকড়কে ভুলে গেছি। মানুষকে ভুল বোঝানো হচ্ছে, সেটা খুব খারাপ ব্যাপার’। ভবিষ্যতে নিজের কমিউনিকেশন স্কিলকে আরও মজবুত করবেন বলেও জানান তিনি।
আপতত রাশমিকার হাতে একের পর এক বলিউড প্রোজেক্ট। সিদ্ধার্থ মালহোত্রার নায়িকা হিসাবে ‘মিশন মজনু’ ছবিতে দেখা যাবে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এই ছবির ট্রেলার। এছাড়াও ‘অ্যানিমেল’ ছবিতে রণবীর কাপুরের বিপরীতে থাকছেন তিনি। শীঘ্রই ‘পুষ্পা ২’-এর শুটিং শুরু করবেন রাশমিকা।
আমাদেরকাগজ/এইচএম






















