বিনোদন ২৬ ফেব্রুয়ারি, ২০২৩ ০৬:৩৭

রাস্তায় নামলেন দেলোয়ার জাহান ঝন্টুর, জানালেন তীব্র প্রতিবাদ  

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ সম্প্রতি দেশে হিন্দি সিনেমা আমদানির পক্ষে সমর্থন দিয়েছে শিল্পী সমিতি। চলচ্চিত্র বিষয়ক ১৯টি সংগঠনও এখন আমদানির পক্ষে। তবে শুরু থেকেই বিরোধিতা করে আসছেন গুণী নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টুসহ বেশ কয়েকজন শিল্পী, নির্মাতা-প্রযোজক। এবার তিনি রাস্তায় নামলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গিয়ে তীব্র প্রতিবাদ ও হিন্দি সিনেমা আমদানি বন্ধের দাবিতে করেন মানববন্ধন।

জানা যায়, দশ শতাংশ লভ্যাংশের শর্তে দেশে হিন্দি সিনেমা আমদানির প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু দেশে হিন্দি সিনেমা আমদানির বিপক্ষে অনেকেই। শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে হিন্দি সিনেমা আমদানির প্রতিবাদে মানববন্ধন করেন বর্ষীয়ান নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু এবং খিজির হায়াত খানসহ অনেকে। মানববন্ধনে বিভিন্ন দাবি উত্থাপন করেন তারা।

মানববন্ধনের ব্যানারে লেখা, ‘বরকতেরই আপন দেশে, হিন্দি/উর্দু সর্বনেশে। ভাষা আন্দোলনের বাংলাদেশে বঙ্গবন্ধুর নীতি, প্রচলিত আইন ও সংবিধানের অবমূল্যায়ন করে গুজব ছড়িয়ে হিন্দি চলচ্চিত্র আমদানির অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন।’

এ সময় হল মালিকদের বিরুদ্ধে অভিযোগ করে নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু বলেন, হল মালিকরা হল ব্যবসায়ী। তারা আমাদের সিনেমা নামিয়ে দিয়ে পাঠান চালাতে চায়। পাঠান ৮০ শতাংশ উর্দু ভাষার সিনেমা। আর সেই সিনেমা আমাদের দেশে চলবে কেন? এই সিনেমা যারা আনতে চাচ্ছে তারা রাজাকারের থেকেও খারাপ। 

তাদের দাবী, এই ৮০ শতাংশ উর্দু ভাষার সিনেমা আমাদের দেশে চলবে না। দেশের প্রেক্ষাগৃহে শাহরুখ খান-দীপিকা অভিনীত ‘পাঠান’ সিনেমা মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।

উল্লেখ্য, এর আগেও নানা ভাবে আলোচনা- সমালোচনার মুখে পড়েছেন এই নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু। 

আমাদের কাগজ/এমটি