বিনোদন ডেস্ক : সানি লিওনকে কোনো নোটিশ না দিয়েই তার লিংকডইন পেজটি ব্লক করে দেওয়া হয়েছিল। মন ভালো করা খবর হলো, সম্প্রতি তিনি ফিরে পেয়েছেন পেজটি। এ খবর সামাজিক মাধ্যমেও সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন।
লিংকডইনে পেজ খোলার এক মাসের মধ্যে ব্লক করে দেওয়া হয়। কারণ কর্তৃপক্ষের মনে হয়েছিল, তিনি ‘আসল’ নন। তবে কেন এমন সন্দেহ হয়েছিল সানিকে নিয়ে সে বিষয়ে কিছু জানানো হয়নি। তারা অভিনেত্রীকে কোনো নোটিশও দেননি। পাঠানো হয়নি কোনো মেইল। চুপিসারে ব্লক করে দেওয়া হয় পেজটি। এতে বেশ মর্মাহত হয়েছিলেন সানি। মন খারাপ করে সে খবর জানিয়েছিলেন অনুরাগীদের।
বেশিদিন মন খারাপ করে থাকতে হয়নি সানিকে। অনুরাগীদের মাধ্যমে তার বক্তব্য লিংকডইন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিতে টুইটারে একটি ভিডিও পোস্ট করেন তিনি। যেখানে এই সমস্যার বিস্তারিত বর্ণনা ছিল। এতেই কাজ হয়েছে।
লিংকডইন কর্তৃপক্ষ বুঝতে পেরেছে, ওই পেজটি সানির। আর তাতেই তারা মুক্ত করে দিয়েছে পেজটি। এতে বেশ উচ্ছ্বসিত সানি। অনুরাগীদের উদ্দেশ্যে তিনি বলেছেন, আমি ফিরে এসেছি। আপনারাও এবার ফিরে আসুন। সম্প্রতি সানি ব্যস্ত আছেন তার নতুন সিনেমার কাজ নিয়ে। লম্বা একটা সময় পর্দার বাইরে ছিলেন তিনি। ‘ক্রিস্টি’ নামের একটি ছবির মাধ্যমে ফেরা হচ্ছে তার। ছবিটি নির্মাণ করছেন মালবিকা মোহনান।
আমাদেরকাগজ/ এইচকে






















