ডেস্ক রিপোর্ট ।।
ক্যাসিনো কেলেঙ্কারিতে একে একে নাম জড়িয়ে যাচ্ছে বিভিন্ন মহলের ব্যক্তিদের। এর মধ্যে রয়েছে বেশ কিছু মডেল ও অভিনেত্রীও।
টেন্ডার মাফিয়া জি কে শামীমকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে তিনি মডেল ও নায়িকাদের সংশ্লিষ্ঠতার তথ্য দিয়েছেন বলে সম্প্রতি গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে।
এর পর থেকেই চলচ্চিত্র পাড়ায় বইছে গুঞ্জনের ঝড়। এরই মধ্যে শামীমের সঙ্গে অন্তত ৫০ জন মডেল-নায়িকার ওঠা-বসা ছিল বলেও খবর বেরিয়ে এসেছে। এর সঙ্গে নাম জড়িয়েছে চার নায়িকারও।
অভিযুক্ত চার নায়িকা হলেন- রত্না, মিষ্টি জান্নাত, রাহা তানহা খান, শিরিন শিলা। তবে তারা প্রত্যেকেই এ অভিযোগ অস্বীকার করেছে। এমনকি এর বিরুদ্ধে উলটো অভিযোগ ও চ্যালেঞ্জও জানিয়েছেন এ নায়িকারা।
তবে এবার এ বিষয়টি নিয়ে মুখ খুলেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বুধবার (২৫ সেপ্টেম্বর) সংবাদ মাধ্যমকে বলেন, দেখুন একজন শিল্পী হওয়া সাধনার ব্যাপার। একটি গণমাধ্যমে আমি সংবাদ পড়েছি। সেখানে কোনও শিল্পীর নাম সরাসরি বলা হয়নি।
তিনি আরও বলেন, আমার কথা হলো উপযুক্ত প্রমাণ ছাড়া আমাদের কোনও শিল্পীকে হেয় করবেন না। আর কেউ যদি সত্যি অপরাধী হয়ে থাকে সেক্ষেত্রেও শিল্পী সমিতির গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।






















