বিনোদন ডেস্ক : দাম্পত্য জীবনে কথা কাটাকাটি কিংবা ঝগড়া হয় না, এমন স্বামী-স্ত্রী খুঁজে পাওয়া যাবে না কোথাও। তবে এর ব্যতিক্রম নন তারকারাও। তাদের সংসারেও ঝামেলা হয়ে থাকে। যেমন রণবীর কাপুর ও আলিয়া ভাট। বলিউডের জনপ্রিয় এই তারকা দম্পতি গত বছরের নভেম্বরে কন্যাসন্তানের জনক হয়েছেন। রাহা নামের কন্যা সন্তানকে ঘিরে তাদের আবেগ-ভালোবাসা আর ব্যস্ততার অন্ত নেই।
কিন্তু সব সুখের মাঝেও তো থাকে ঝগড়ার অস্তিত্ব। তখন কী করেন রণবীর-আলিয়া? কীভাবে ঝগড়া মিটমাট করেন? সেসবই জানালেন রণবীর। তার মতে, আলিয়া নিজের কথা পরিষ্কার করার আগ পর্যন্ত তাকে যেতে দেন না। আর এই সময়টাতে স্ত্রীকে বাধ্যগত স্বামীর মতো সময় দেন অভিনেতা।
রণবীর বলেন, ‘যদি আমাদের ঝগড়া হয়, আমি ওকে সুযোগ দেই। আলিয়া হচ্ছে অনেকটা আইনজীবীর মতো। সুতরাং সে যদি কিছু ভুল অনুভব করে, সেটা পরিষ্কার করা অব্দি আমাকে যেতে দেবে না। আর আমি হচ্ছি এমন এক মানুষ, যার কোনও ইগো নেই, এমনকি আত্মসম্মানও নেই।’
রণবীর আরও বলেন, যেকোনও সময় তিনি স্ত্রী আলিয়ার কাছে নির্দ্বিধায় ক্ষমা চান। তার ভাষ্য, ‘আমি ঠিক হই আর ভুল, আনন্দের সঙ্গেই সরি বলে দেই। ওই যে স্পেস বা জায়গা দেওয়ার ভাবনাটা আমার বেশ পছন্দ। দাম্পত্য কলহ নিয়ে রণবীরের ভাবনা এরকম, ‘যখন কোনও দম্পতি ঝগড়া করে, একে-অপরকে কষ্ট দেয়, তখন জবাবের জন্য অনেক কিছুই বলে, যা আসলে সত্যিকার অর্থে বলে না। কিন্তু অন্য মানুষটা সেই তিন-চারটা শব্দই মনে গেঁথে নেয় এবং সেটা তার সঙ্গে থেকে যায়। তাই বিষয়টা পরিষ্কার করতেই হবে।
বছর পাঁচেক প্রেমের পর ২০২২ সালের এপ্রিলে বিয়ে করেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। এরপর তাদের জুটিবদ্ধ প্রথম সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পায় একই বছরের সেপ্টেম্বরে। ছবিটি সুপারহিট হয়েছিল।
আমাদেরকাগজ/ এইচকে






















