বিনোদন ২২ মার্চ, ২০২৩ ০৫:০২

এমন দুই স্ত্রী পেয়ে ভাগ্যবান খান সাহেব!

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান সাম্প্রতিক বছরগুলোতে সিনেমার চেয়ে সিনেমার বাইরের বিষয় নিয়ে বেশি আলোচনায়। অপু বিশ্বাসের সঙ্গে বিয়ে, সন্তান এবং বিচ্ছেদ সংক্রান্ত আলোচনার রেশ না কাটতেই একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটে আরেক নায়িকা বুবলীর সঙ্গেও।  

দুটি বিষয় নিয়ে জলঘোলা কম হয় নাই। শাকিব ইস্যু নিয়ে এখনও মাঝে মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে কাদা ছোড়াছুড়ি করতে দেখা যায় অপু-বুবলীকে। মাঝখানে শাকিবকে নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল অভিনেত্রী পূজা চেরীকে জড়িয়েও। যদিও সে গুঞ্জন বেশিদূর ডালাপালা মেলতে পারেনি। তবে একেবারেই শেষ হয়ে যায়নি এসব ঘটনার রেশ। হয়তো এসব ঘটনার আরও সিক্যুয়েল দেখা যাবে সামনে।

এই তিন নায়িকাকে বাদ রেখেই ফের আলোচনায় কিং খান। কয়েকদিন আগেই শাকিব খানের বিরুদ্ধে শিডিউল ফাঁসানো ও সহ-নারী প্রযোজককে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ আনেন এক অস্ট্রেলিয়া প্রবাসী প্রযোজক। যদিও এ অভিযোগকে বানোয়াট বলে দাবি করেছেন শাকিব খান। 

অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত কাওকে অপরাধী বলারও সুযোগ নেই। সেই হিসেবে চিত্রনায়ক শাকিব খানকেও এখনই অপরাধী বলা যাচ্ছে না। তবে, প্রযোজক রহমত উল্লাহ্যর অভিযোগকে কেন্দ্র করে যে বিষয়টি অনেকের কাছে আলাদাভাবে নজরে এসেছে, সেটি হলো শাকিব খানের প্রতি তার দুই সাবেক কিংবা বর্তমান স্ত্রীর প্রীতি।

অপু বিশ্বাসের সঙ্গে শাকিবের বিচ্ছেদের বিষয়টি দুজনেই স্বীকার করে নিলেও বুবলী সঙ্গে বিচ্ছেদের বিষয়টি শুধু শাকিব খানই জানিয়েছিলেন। অন্যদিকে, বুবলীর দাবি তাদের এখনও বিচ্ছেদ হয়নি। সে যাইহোক, সাম্প্রতিক এই বিতর্কে দুই নায়িকাই শাকিব খানের পাশে দাঁড়িয়েছেন।

প্রযোজক রহমত উল্ল্যাহ ও শাকিব খানের মধ্যে মীমাংসার চেষ্টা করেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। আর বুবলী এক্ষেত্রে প্রকাশ্যেই অবস্থান নিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছেন শাকিবের পক্ষে নিজের অবস্থানের কথা। বুবলীর দাবি, একটা চক্র কিছুদিন পরপরই শাকিবকে নিয়ে উঠেপড়ে লাগে। মধ্যরাতে শাকিবের হোটেল কক্ষে ওই নারী কী করছিলেন, এমন মন্তব্যও করে বসেন বুবলী। আরে এতেই নেটিজেনদের সমালোচনার মুখে পড়েন বুবলী। অনেকেই শাকিবের প্রতি বুবলীর এমন অন্ধ সমর্থন ভালোভাবে নেননি। একজন ফেসবুক ব্যবহারকারী তো সেই পোস্টে মন্তব্য করেছেন, “এতো কিছুর পরও স্বামীভক্তি কমে নাই আপনার, অনেক কিছু শেখার আছে আপনার কাছ থেকে আপা।” এরকম আরও অসংখ্য মন্তব্য এসেছে ওই পোস্টে যার বেশিরভাগই শাকিবের প্রতি বুবলীর অন্ধভক্তির বিপরীতে।

তবে, বুবলীর এই শাকিবপ্রীতি এবারই প্রথম নয়। এর আগেও বিয়ে এবং সন্তান ইস্যু নিয়ে জোর আলোচনা-সমালোচনার সময়েও শাকিবের সুনাম বা ইমেজ নষ্ট হয়, এমন কথা বলতে চান না বলে সাফ জানিয়ে দেন বুবলী।

শুধু বুবলী একাই নন, অপু বিশ্বাসকেও কখনো শাকিব খানের বিরুদ্ধে তেন কোনো অভিযোগ করতে শোনা যায়নি। এমনটিও শোনা যায় যে, শাকিব-অপুর মধ্যে যোগাযোগ বেড়েছে। তবে, বিষয়টি শাকিব কখনো স্বীকার করেননি। বিভিন্ন সময়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, ছেলে জয়ের সঙ্গে তার যোগাযোগ থাকলেও অপুর সঙ্গে নেই। যদিও অপু বিশ্বাস জানিয়েছেন, শাকিব খানের সঙ্গে এখন প্রায়ই তার কথাবার্তা হয়। ব্যক্তিগত ব্যাপারের পাশাপাশি কাজ নিয়েও পরামর্শ পান তার কাছে।

সে যাইহোক, এই যোগাযোগে দোষের কিছু নেই। বরং তাদের মধ্যকার সম্পর্কের উন্নতি ভক্তদের জন্য সুখবরই বটে। কিন্তু বিষয়টি হলো, দুই নায়িকা প্রকাশ্যে তাদের সাবেক কিংবা বর্তমান স্বামীর প্রতি ইতিবাচক হলেও শাকিব খান তার বিপরীত। দুই নায়িকাই তার অপছন্দের কাজ করেছে এবং দুজনেই তার কাছে অতীত বলে বিভিন্ন সময়ে প্রকাশ্যে মন্তব্য করেছেন শাকিব খান। দুই নায়িকার সঙ্গে তার সম্পর্ক জোড়া লাগার কোনো সম্ভাবনা নেই বলেও সাফ জানিয়ে দেন তিনি।

যদিও শাকিবের এমন অবস্থানের পরও তার বিপক্ষে কোনো তীর্যক মন্তব্য কিংবা অভিযোগ করতে দেখা যায়নি অপু-বুবলীকে। বরং শাকিবের বিরুদ্ধে ঘোরতর অভিযোগ ওঠার পরও বাংলা সিনেমার চিরায়ত আদর্শ স্ত্রীদের মতো স্বামীর পক্ষে অবস্থান নিয়েছেন তারা। তাই, নেটিজেনদের অনেকেই বিদ্রুপ করে বলছেন; শাকিব খানের স্ত্রীভাগ্য আসলেই খুব ভালো। অনেকেই বিষয়টিকে একদমই ভালোভাবে নিচ্ছেন না। তাদের মতে, শাকিবের প্রতি অপু-বুবলীর এমন সমর্থন সমাজে নেতিবাচক বার্তা দিচ্ছে। শাকিব খানের ভক্তদের অনেকেই আবার অপু-বুবলীর এমন অবস্থানকে হাসিমুখেই গ্রহণ করেছেন।

আমাদেরকাগজ/  এইচকে