বিনোদন ১ এপ্রিল, ২০২৩ ০৬:৪৯

আরাভকে ধরতে ডিবিকে সব ধরনের সহযোগিতা করবো: হিরো আলম

নিজস্ব প্রতিবেদক: দুবাইয়ের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী আরাভ খানকে ধরতে গোয়েন্দা পুলিশকে তথ্য দিয়ে সব ধরনের সহযোগিতা করবো বলে জানিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও ইউটিউবার আলরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। তিনি বলেন, ডিবির তদন্তে আমাকে ডাকা হলে, আমি যাবো।

শনিবার (১ এপ্রিল) বিকেল ৫টার দিকে ঢাকা মহানর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে হিরো আলম বলেন, আমি আইনকে শ্রদ্ধা করি। আরাভ ইস্যুতে কোনো তথ্য বা সহযোগিতা লাগলে আমি করবো। আরাভের বিষয়টি যেহেতু তারা তদন্ত করছেন, যেকোনো প্রয়োজনে তথ্য লাগলে আমি তাদের দেবো। আজকেও এ বিষয়ে অল্প কিছু কথাবার্তা হয়েছে।

আরাভ পুলিশ কর্মকর্তা হত্যা মামলার আসামি, তা জানতেন না দাবি করে তিনি বলেন, এ বিষয়ে ডিবি থেকে আগে কিছু জানানো হয়নি। আমি আরাভের আমন্ত্রণে দুবাই গিয়েছিলাম। তদন্তের স্বার্থে আরাভের বিষয়ে কিছু জানতে চাইলে আমি সহযোগিতা করবো। তারা আমাকে ডাকলে আমি আসবো। তিনি (আরাভ) যদি আসামি হয়ে থাকেন, তাকে ধরতে সহযোগিতা করা নাগরিক হিসেবে আমার দায়িত্ব। তাই তদন্তের প্রয়োজনে ডাকলে আমি আসবো।


আমাদেরকাগজ/এইচএম