বিনোদন ৩০ এপ্রিল, ২০২৩ ০৪:৩০

ঢাকার ‍ওয়েব ফিল্মে শ্রীলেখা মিত্র!

বিনোদন ডেস্ক : ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্রের ভক্ত বাংলাদেশেও অনেক আছে। প্রিয় তারকার অভিনয় দেখা যাবে বাংলাদেশের ‍ওয়েবফিল্মে। শেদ রাহা পরিচালিত “কলকাতা ডায়েরিজ” ওয়েবফিল্মটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন খায়রুল বাশার নির্ঝর। ওয়েবফিল্মটির খবর নিশ্চিত করেছেন খায়রুল বাশার নির্ঝর। বাংলাদেশের কোন প্ল্যাটফর্মে “কলকাতা ডায়েরিজ” দেখা যাবে সেটি এখনও চূড়ান্ত হয়নি। তবে শিগগিরই সেটি জানা যাবে।

“কলকাতা ডায়েরিজ”-এর মূল চরিত্রে অভিনয় করেছেন শ্রীলেখা মিত্র। কিছুদিন আগেই কলকাতার বিভিন্ন জায়গায় ওয়েবফিল্মটির শুটিং হয়। বর্তমানে পোস্ট প্রোডাকশনের কাজ চলছে।

গল্পে মূল চরিত্র অনামিকা সাহা (শ্রীলেখা মিত্র) নির্ঝঞ্ঝাট স্বাধীন জীবনযাপন করা একজন। সংসার জীবনে ইতি টানলেও নিজের জীবনকে উদ্যমের সঙ্গে এগিয়ে নিয়ে গেছেন। একটি প্রসাধনী সংস্থার কর্ণধার তিনি। তাই ব্যবসা নিয়েই তার ব্যস্ততা। তার প্রতিষ্ঠানে নতুন চাকরিতে আসা অল্প বয়সী মেয়ে শর্মি। যার সঙ্গে অনামিকার বন্ধুত্ব গড়ে উঠে। এর মধ্যে গল্পে যোগ হয় বাংলাদেশ থেকে কলকাতায় যাওয়া এক ছেলে পিকে'র চরিত্র। এখান থেকে গল্প নতুন দিকে মোড় নেয়।

“কলকাতা ডায়েরিজ”-এ আরও অভিনয় করেছন দর্শনা বণিক, সিফাত আমিন, শান্তিলাল মুখোপাধ্যায়, অরিজিৎ গুহ প্রমুখ।

আমাদেরকাগজ / এইচকে