বিনোদন ৮ মে, ২০২৩ ০৪:৩৬

শুক্রবার দেশের সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘পাঠান’

বিনোদন ডেস্ক : বাংলাদেশে “পাঠান”  সিনেমাটি শুক্রবার, ১২ মে ৩৮ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এর মাধ্যমে ১৯৭১ সালের পর প্রথমবারের মতো কোনো হিন্দি চলচ্চিত্র বাংলাদেশে বাণিজ্যিকভাবে মুক্তি পাবে। ৪ মে সিনেমাটি বাংলাদেশে মুক্তির জন্য সেন্সর ছাড়পত্র পেয়েছে। মুক্তির আগে ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে “পাঠান” সিনেমার অগ্রিম টিকেট বিক্রিও শুরু হয়েছে। এমনকি প্রথম দিনের অনেক শোয়ের টিকিটও শেষ হয়ে গেছে।

দীর্ঘদিন ধরেই সিনেমা হল মালিকরা হিন্দি সিনেমার আমদানি নিয়ে আগ্রহী। “পাঠান” সিনেমার মাধ্যমে তাদের সেই চাওয়া পূরণ হলো। ঢাকার স্টার সিনেপ্লেক্স, মধুমিতা, লায়ন; মানিকগঞ্জের নবীন; বগুড়ার মধুবনসহ দেশের অনেক প্রেক্ষাগৃহে সিনেমাটির পোস্টার টানানো হয়েছে।

আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের অনন্য মামুন বলেন, ‘‘পাঠান'' সিনেমাটি সারাদেশের ৩৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। নিজস্ব সার্ভারের আওতায় ছবিটি মুক্তি দেওয়া হচ্ছে; ই-টিকেটিং ও বক্স অফিস। এতে সহজেই বোঝা যাবে পাঠান কত টাকা আয় করবে। রবিবার থেকে অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। এর মধ্যে কয়েকটি শোয়ের টিকেট শেষ হয়ে গেছে।

ভারতের অন্যতম শীর্ষস্থানীয় প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মসের ৫০ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে মুক্তি পায় “পাঠান”। দেশটির ৭৪তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে গত ২৫ জানুয়ারি সিনেমা হলে শুরু হয় প্রদর্শনী। ছবিটি হিন্দির পাশাপাশি তামিল ও তেলেগু ভাষায়ও মুক্তি পায়। প্রদর্শনী শুরু হওয়ার পর দর্শক-সমালোচক দুই মহলেই দারুণ প্রশংসিত হয় শাহরুখ অভিনীত সিনেমাটি।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি দিয়ে চার বছর পর বড় পর্দায় ফিরেছেন শাহরুখ খান। এতে আরও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। ক্যামিও হিসেবে আছেন সালমান খান। মুক্তির পর স্পাই থ্রিলার ঘরানার সিনেমাটি ভারতের পঞ্চম চলচ্চিত্র হিসেবে বিশ্বব্যাপী এক হাজার কোটি রুপির বেশি আয় করেছে।

আমাদেরকাগজ / এইচকে