বিনোদন ৮ জুন, ২০২৩ ০৭:৪৯

সড়ক দুর্ঘটনার কবলে অমি-পলাশ

বিনোদন ডেস্ক : বর্তমান সময়ের তরুণ নির্মাতাদের মধ্যে অন্যতম জনপ্রিয় কাজল আরেফিন অমি। তবে খুব অল্প সময়েই যে তিনি নির্মাণের মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছেন। এর জন্য বেশ পরিশ্রম, মেধা এবং সততা দিয়েই নিজেকে একজন সফল নির্মাতা হিসেবে গড়ে তুলেছেন।

তবে হঠাৎ করেই খবর এলো শুটিংয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত এই নির্মাতা। শুধু তিনি নন, গাড়িতে ছিলেন জনপ্রিয় অভিনেতা কাবিলা খ্যাত পলাশ। বৃহস্পতিবার, ৮ জুন সকালের দিকে টাঙ্গাইলের মির্জাপুর এলাকার হাইওয়েতে এ ঘটনা ঘটে বলে জানান নির্মাতা। জানা গেছে, গাড়ির কিছুটা ক্ষতি হলেও গাড়িতে থাকা কেউই আহত হননি।

অমি বলেন, ঈদের জন্য একটি ফিচার টেলিফিল্মের শুটিং করছিলাম আমরা টাঙ্গাইলে। সকালে শুটিংয়ের জন্য আসার পথে টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় এ ঘটনা ঘটে। আমাদের গাড়িটা বাম পাশ থেকে ডান পাশে আসতে গেলে ওপর পাশ থেকে একটি ট্রাক এসে আমাদের গাড়িকে চাপ দেয়।

তিনি আরও বলেন, গাড়িতে জিয়াউল হক পলাশ, আমিসহ আরও কয়েকজন ছিল। আল্লাহর রহমতে কেউই আহত বা কারও কোনোকিছু হয়নি। আমরা সবাই ঠিক আছি। গাড়িটার কিছু ক্ষতি হয়েছে। এক পাশে একদম ভচকে গিয়েছে। আমরা ঠিক আছি, এখন শুটিং করছি।


আমাদেরকাগজ / এইচকে