বিনোদন ১৫ জুন, ২০২৩ ০৮:৪৪

৫০ রুপিতে অভিনয় শুরু, এখন ২০ কোটি!

বিনোদন ডেস্ক : ভারতে সিনেমা জগতে যাত্রার শুরুতে পারিশ্রমিক পেয়েছিলেন মাত্র ৫০ রুপি। কিন্তু দেড় যুগের মধ্যে জনপ্রিয়তায় সেই আয় ২০ কোটি। ভারতীয় সিনেমায় চমক জাগানো জনপ্রিয় এই অভিনেতার নাম যশ। “কেজিএফ” অভিনেতা হিসেবে বিপুল জনপ্রিয়তা লাভ করেছেন তিনি। এ সিনেমার মাধ্যমে কন্নড় ইন্ডাস্ট্রি ছাড়াও বিপুল জনপ্রিয়তা লাভ করেছেন অন্য সবখানেও।

১৯৮৬ সালে কর্নাটকে জন্ম নেওয়া যশের পারিবারিক নাম নবীন কুমার গৌড়া। ছোট থেকে অভিনয়ের ভাবনা এলেও তাতে সায় ছিল না পরিবারের। তবে হাল ছাড়েননি তিনি।

মাত্র ১৬ বছর বয়সে বেঙ্গালুরু এসে কাজ শুরু করেন একটি ছবির সহকারী পরিচালক হিসেবে। সেটি এগোয়নি। এরপর যোগ দেন একটি নাট্যদলে। সেখানে নিজেকে প্রস্তুত করতে থাকেন। যদিও নাট্যদলে শুরুটা মঞ্চের পেছনে সহকারী হিসেবে। সেসময় যশ পেতেন মাত্র ৫০ রুপি।

২০০৫ সালে “উত্তরায়ণ” নামের একটি টিভি শো দিয়ে যশের অভিষেক হয় টেলিভিশনে। অভিনয় করেছেন টিভি সিরিয়ালেও।

২০০৭ সালে “জামবাবা হুড়ুগি” ছবিতে সুযোগ পান, তবে তা ছিল পার্শ্ব চরিত্রে। এরপর “রকি” সিনেমায় অভিনয়ের জন্য দারুণ প্রশংসিত হন তিনি। এরপর থেকে ২০২২ সাল পর্যন্ত এমন কোনো বছর নেই যে যশের সিনেমা মুক্তি পায়নি। সময়ের সঙ্গে বাড়িয়েছেন নিজের দরও।

২০১৮ সালে যশের “কেএফজি” এবং ২০২২ সালে এর সিক্যুয়েল “কেএফজি ২” এর পর যশ খ্যাতির শীর্ষে পৌঁছেছেন। সেরা পরিচালকেরা তার সঙ্গে কাজ করতে মুখিয়ে থাকেন। এছাড়া এই তারকা এখন সিনেমা করতে ২০ কোটি রুপি নিয়ে থাকেন বলেও শোনা যাচ্ছে।

আমাদেরকাগজ / এইচকে