বিনোদন ৩ জুলাই, ২০২৩ ০৮:১৮

হাউজফুল শো, উচ্ছ্বসিত বুবলী

বিনোদন ডেস্ক : ঈদ-উল-ফিতরের মতো ঈদ-উল-আজহায়ও জোড়া সিনেমা নিয়ে পর্দায় এসেছেন বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। এবারের ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত “প্রহেলিকা” ও “ক্যাসিনো”। দুটি সিনেমায়ই বুবলীর অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছেন দর্শকরা।

ঈদের সিনেমা হিসেবে “সুড়ঙ্গ” আর “প্রিয়তমা”র দাপট চললেও বুবলীর সিনেমা দুটিও খুব একটা পিছিয়ে নেই। নিজ নিজ অবস্থানে সেগুলোও দর্শককে আকৃষ্ট করছে। এমনকি বিভিন্ন প্রেক্ষাগৃহে সিনেমা দুটির শো হাউজফুল যাচ্ছে বলেও জানান সংশ্লিষ্টরা।

দর্শকের এমন ভালোবাসায় আপ্লুত হয়ে তৃপ্ত মনে কৃতজ্ঞতা জানিয়ে রোববার, ২ জুলাই সন্ধ্যায় ঢাকার ব্লকবাস্টার সিনেমাসে বুবলী বলেন, “ভীষণ ভালো লাগছে। এই যে বৃষ্টি, ঝড়, পানি জমে যাচ্ছে রাস্তায়। এরপরও মানুষ হলে আসছেন ছবি দেখতে।”

তিনি আরও বলেন, “আমার দুটি সিনেমা মুক্তি পেয়েছে ‘ক্যাসিনো' ও ‘প্রহেলিকা'; দুটো সিনেমাই দর্শক ভীষণ ভালোবেসে গ্রহণ করছেন। যেভাবে হাউজফুল যাচ্ছে শোগুলো, এ জন্য আমি দর্শকের প্রতি কৃতজ্ঞ।”

শবনম বুবলীর ধারণা, বাংলা সিনেমার বিপুল দর্শক রয়েছে। সেজন্য এমন প্রতিকূল পরিবেশেও তারা প্রেক্ষাগৃহে ছুটে আসছেন। সিনেমা বিনোদনের মাধ্যম হলেও এতে শিক্ষণীয় বার্তা থাকে বলেও মন্তব্য করেন এ চলচ্চিত্র অভিনেত্রী।

বুবলী বলেন, “দর্শকের মুখে মুখেই কিন্তু সিনেমা ছড়িয়ে যায়। আমি কিছুক্ষণ আগেও দেখলাম, কানায় কানায় পূর্ণ দর্শক, বাইরে লাইন ধরে আছে। আমার প্রত্যাশা পূরণ হয়েছে তো বটে, অতিক্রমও করেছে।”

তিনি আরও বলেন, “আমি একটু চিন্তায় ছিলাম, কারণ ঈদের দিন থেকেই মেঘলা আবহাওয়া, বৃষ্টি। কিন্তু বাংলা সিনেমার দর্শক আছে এবং ভালো ভালো দর্শক; যারা সত্যিকার অর্থে সিনেমাকে ভালোবাসে। না থাকলে কিন্তু তারা এত কষ্ট করে এসে আমাদের হাউজফুল শো উপহার দিতো না।”

সৈকত নাসির পরিচালিত  “ক্যাসিনো” সিনেমায় বুবলীর বিপরীতে রয়েছেন নীরব। সিনেমাটি গত ২৯ জুন ১৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। অন্যদিকে, একইদিন মাত্র ৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে “প্রহেলিকা”। চয়নিকা চৌধুরীর নির্মিত এ ছবিতে বুবলীর সঙ্গে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ ও নাসির উদ্দিন খান।

আমাদেরকাগজ / এইচকে