বিনোদন ১৪ জুলাই, ২০২৩ ০৫:৫৬

পূর্ণিমার মা হওয়ার নিয়ে যা বললেন স্বজনরা 

বিনোদন ডেস্ক : বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা সদ্যই ৪১ বসন্ত পেরিয়ে ৪২ বছরে পা রেখেছেন। মঙ্গলবার, ১১ জুলাই ছিল এ নায়িকার জন্মদিন। অভিনয়ে খুব বেশি একটা না দেখা গেলেও সরব আছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে জীবনের বিশেষ এই দিনটি এবার ঘরোয়াভাবে কেটেছে এই নায়িকার। কিন্তু জন্মদিনের রাত থেকেই অন্তর্জালে খবর ছড়িয়ে পড়ে দ্বিতীয়বারের মতো মা হচ্ছেন পূর্ণিমা।

জন্মদিনের সুবাদে সংবাদমাধ্যম ছিল এই লাস্যময়ী অভিনেত্রীর দখলে। এবার মা হওয়ার গুঞ্জনে ফের আলোচনায় তিনি। তবে গুঞ্জনটি ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। সেইসঙ্গে জানিয়েছেন মা হওয়ার ভুয়া খবরে বিব্রত তিনি।

পূর্ণিমা বলেন, একটি ভুয়া খবরের মুখোমুখি হলাম। এটা তো আমার হাইড অ্যান্ড সিক্রেটের কিছু না। এটা তো খুশির সংবাদ। এ রকম হলে আমি নিজেই আমার আইডি-পেজ থেকে জানাতাম! ওই সংবাদ দেখে অনেক জায়গা থেকে আত্মীয়-স্বজনরাও ফোন করছেন। তারা বলছেন, এমন আনন্দের খবর তাদের কেন আগে জানাইনি! একটি ভুয়া সংবাদের কারণে খুব খারাপ সিচুয়েশনে পড়লাম!

তিনি আরও বলেন, একের পর এক সাংবাদিক ফোন করে যাচ্ছে! অথচ যারা এমন ভুয়া খবরটি ছড়ালেন, তারা প্রকাশের আগে একবারও আমার সঙ্গে কথা বলার প্রয়োজন মনে করলেন না! একবার ফোন করে জানলে কী সমস্যা ছিল? এ রকম তো না যে, আমি ফোনে অ্যাভেইলেবল না। তাহলে তারা একটা মিথ্যা খবর কেন ছড়ালেন!

এদিকে ঈদুল আজহার পর নতুন করে এখনও শুটিং শুরু করেননি তিনি। সবশেষ ঈদুল ফিতরে পূর্ণিমাকে দেখা গেছে নির্মাতা কাজল আরেফিন অমির ‘হোটেল রিলাক্স’ নামের একটি ওয়েব সিরিজে।

বর্তমানে তার ‘গাঙচিল’, ‘জ্যাম’ ও ‘আহারে’ নামের তিনটি সিনেমার কাজ চলছে। এই তিন সিনেমাতেই পূর্ণিমার নায়ক ফেরদৌস। চলতি বছরেই সিনেমাগুলো মুক্তি পেতে পারে বলে জানা গেছে।

ব্যক্তি জীবনে পূর্ণিমা ২০০৭ সালের ৪ নভেম্বর বিয়ে করেন আহমেদ জামাল ফাহাদকে। সেই সংসারে আরশিয়া উমাইজা নামের এক কন্যাসন্তান রয়েছে। তবে পূর্ণিমার সেই সংসার ভেঙে যায়।

সবশেষে ২০২২ সালের ২১ জুলাইয়ে আবারও বিয়ে করেন পূর্ণিমা। তার স্বামীর নাম আশফাকুর রহমান রবিন। একটি বহুজাতিক কোম্পানির বিপণন বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা।

আমাদেরকাগজ / এইচকে