বিনোদন ১৪ আগস্ট, ২০২৩ ০৭:৫৯

আইএল টি-টোয়েন্টি লিগে খেলবেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি বর্তমান ক্রিকেট বিশ্বে পেস বোলারদের মধ্যে অন্যতম। দেশটির প্রথম ক্রিকেটার হিসেবে সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টি লিগে খেলবেন তিনি। লিগের অন্যতম সেরা দল ডেজার্ট ভাইপার্সের সাথে তিন মৌসুমের জন্য চুক্তি করেছেন বাঁহাতি এই পেসার।

ভাইপার্স ফ্র্যাঞ্চাইজিটিতে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত আফ্রিদি নিজেও, 'আমি ডেজার্ট ভাইপার্সে যোগ দিতে পেরে রোমাঞ্চিত। আমি জানি সেখানে (সংযুক্ত আরব আমিরাতে) অনেক পাকিস্তানি ফ্যান আছে এবং আমি আশা করি আসন্ন আইএল টি-টোয়েন্টিতে তারা আমাদের সমর্থন করবে।'

আইএল টি-টোয়েন্টি লিগের গত আসরে একই দলের হয়ে আরেক পাকিস্তানি ক্রিকেটার আজম খানের খেলার কথা ছিল। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) থেকে অনাপত্তিপত্র (এনওসি) না পাওয়ার কারণে শেষ পর্যন্ত খেলা হয়নি উইকেটকিপার এই ব্যাটারের।

ডেজার্ট ভাইপার্সে আগে থেকেই আছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাথিশা পাথিরানা, টম কারান ও শেলডন কটরেলের মতো তারকা বোলাররা। আফ্রিদিকে নিয়ে নিজেদের বোলিং বিভাগকে আরও শক্তিশালী করলো দলটি।

আগামী বছরের ১৩ জানুয়ারি শুরু হবে আইএল টি-টোয়েন্টি লিগের দ্বিতীয় আসর। সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলার পর দলের সাথে যোগ দেবেন আফ্রিদি। প্রথম আসরে গালফ জায়ান্টসের কাছে হেরে রানার্সআপ হয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি।

আমাদেরকাগজ / এইচকে