বিনোদন ১৮ আগস্ট, ২০২৩ ০৯:২৯

যে কারণে একাকিত্বে ভোগেন ববি

বিনোদন প্রতিবেদক : বাংলা চলচ্চিত্রে বর্তমান সময়ের ব্যস্ত নায়িকা ইয়ামিন হক ববি। কাজের মাঝেই ডুবে থাকতে পছন্দ করেন। আজ শুক্রবার, ১৮ আগস্ট এই তারকা অভিনেত্রীর জন্মদিন। বিশেষ এই দিনে একাকিত্বে ভোগেন নায়িকা। ঢাকায় একাই থাকেন ববি। মা ও বোনেরা থাকেন অস্ট্রেলিয়ায়। বিশেষ দিনটিতে পরিবারের কেউ তার পাশে নেই, ভাবতেই যেন মন খারাপ হয় তার। তাই রাখছেন না কোনো আয়োজন। তবে ইচ্ছে আছে ঢাকা কিংবা দেশের বাইরে উড়াল দেওয়ার, এমনটাই জানালেন তিনি।

ববি বলেন, জন্মদিনের এই সময় খুব একা ফিল হয়। কারণ মা ও বোনেরা দেশের বাইরে। তাই আগামীকাল একটু বাইরে ঘুরতে যাওয়ার ইচ্ছে আছে।

সম্প্রতি ‘খোয়াব’ সিনেমার কাজ শেষ করেছেন ববি। আবুল খায়ের চাঁদের পরিচালনায় এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন আদর আজাদ। সাহিত্যনির্ভর সিনেমাটিতে সুপারস্টার নায়িকা চরিত্রে অভিনয় করেছেন ইয়ামিন হক ববি। অন্যদিকে মেকআপম্যানের চরিত্রে দেখা যাবে চিত্রনায়ক আদর আজাদকে।

তিনি বলেন, নতুনদের মধ্যে আদর আজাদের সম্ভাবনা অনেক বেশি। প্রথমবার তার সঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ালাম। ভালো অভিনয় করে। সিনেমাটিও দর্শকদের ভালো লাগবে আশা করছি।

মুক্তির অপেক্ষায় রয়েছে ববি অভিনীত ‘ময়ূরাক্ষী’ সিনেমাটি। শিগগিরই শুরু হবে ‘মাস্টারমাইন্ড’ সিনেমার কাজ। ববির গল্প ভাবনায় ছবিটি পরিচালনা করবেন সৈকত নাসির।

আমাদেরকাগজ / এইচকে