বিনোদন ডেস্ক: ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক-এর বিরুদ্ধে সম্প্রতি একটি নাটকের শুটিং সেটে দুর্ব্যবহারের অভিযোগ ওঠে। এরপর এই অভিনেত্রী উল্টো অভিযোগ তোলেন সহকর্মী-বন্ধু অভিনেতা আরশ খানের নামে। এ ঘটনা থানা পুলিশ পর্যন্ত গড়ায়। বিচার চেয়ে আরশের নামে লিখিত অভিযোগ ও সাধারণ ডায়েরি করেন অভিনেত্রী চমক।
গেল রোববার (১৩ আগস্ট) সমস্যা সমাধানে একসঙ্গে আলোচনায় বসে নাটকপাড়ার তিন অভিভাবক সংগঠন টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব), ডিরেক্টরস গিল্ড ও অভিনয় শিল্পী সংঘ। সোমবার (১৪ আগস্ট) রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সভায় নেওয়া সিদ্ধান্তের কথা জানায় অভিনয়শিল্পী সংঘ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জ্যেষ্ঠ অভিনেতা ফখরুল বাসার মাসুম ও নির্মাতা আদিফ হাসানসহ ইউনিটের সবার সঙ্গে যে আচরণ করেছেন তা অভিনেত্রী চমকের ভুল ছিল এবং পরবর্তী সময়ে বিভিন্ন ইন্টারভিউতে অভিনেতা আরশ খানের বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন হিসেবে প্রমাণিত হয়।
এখানে আর্থিক ক্ষতির কথাও উল্লেখ করে চমককে শাস্তি হিসেবে ক্ষমা চাওয়া ও আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়। কিন্তু টেলিভিশন নির্মাতাদের সংগঠন ডিরেক্টর গিল্ডস এটা মানতে নারাজ।
এ বিষয়ে রোববার (২০ আগস্ট) একটি বিজ্ঞপ্তিতে পাঠিয়েছে নির্মাতাদের সংগঠনটি। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ আগস্ট অভিযোগ প্রমাণিত অভিনেত্রী রুকাইয়া জাহান চমককে নিয়ে মিডিয়ায় জটিলতা ও চলমান সংকট নিরসনে সংবাদ সম্মেলন আহবান করা হয়েছে।
সূত্রের খবর, অভিনেত্রী চমকের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিয়েছে নির্মাতাদের সংগঠন ডিরেক্টর গিল্ডস। সংবাদ সম্মলেনে আসবে অভিনেত্রীকে নিষিদ্ধের সিদ্ধান্ত। তবে এ ব্যাপারে আগাম কিছু বলতে নারাজ সংগঠনটি।
আমাদেরকাগজ/এইচএম






















