বিনোদন ৩ সেপ্টেম্বর, ২০২৩ ০৯:৫৪

আবারও পেছাল ‘অন্তর্জাল’ এর মুক্তি!

বিনোদন ডেস্ক : একাধিকবার মুক্তির তারিখ ঘোষণা করার পরও প্রেক্ষাগৃহে আসছে না দেশের প্রথম সাইবার ক্রাইম থ্রিলার সিনেমা ‘অন্তর্জাল’। সিনেমাটি মুক্তির জন্য নির্ধারিত দিন ছিল চলতি মাসের ৮ তারিখ। তবে এ তারিখেও মুক্তি পাচ্ছে না সিনেমাটি। 

মূলত আগামী ৭ সেপ্টেম্বর বিশ্বের সঙ্গে একযোগে বাংলাদেশে মুক্তি পাচ্ছে শাহরুখ খানের বহু প্রতীক্ষিত সিনেমা ‘জাওয়ান’। তুলনামূলকভাবে দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটির ব্যাপক চাহিদা থাকায় মুক্তি স্থগিত করা হয়েছে দীপঙ্কর দীপন পরিচালিত ‘অন্তর্জাল’ সিনেমাটির।

সত্যিই কি পিছিয়ে যাচ্ছে ‘অন্তর্জাল’ মুক্তি? এ বিষয়ে পরিচালক দীপংকর দীপন জানান, আজকে (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। এই বিষয় নিয়েই কথা বলবেল। তবে ‘অন্তর্জাল’ টিমের তড়িঘড়ি করে সংবাদ সম্মেলন আয়োজন মুক্তি স্থগিতের গুঞ্জনকেই সত্য প্রমাণ করলো!

রোববার, ৩ সেপ্টেম্বর সন্ধ্যায় ট্রেলার প্রকাশ করে সিনেমা মুক্তির নতুন তারিখ ঘোষণা করবেন বলেই মনে করছেন অনেকে। সেক্ষেত্রে অনেকে মনে করছেন, ‘অন্তর্জাল’ মুক্তির নতুন তারিখ হতে পারে ২২ সেপ্টেম্বর। এদিকে চলচ্চিত্র প্রেমীদের কেউ কেউ ‘অন্তর্জাল’ এর বারবার মুক্তি পেছানোয় প্রকাশ করছেন বিরক্তি। তবে ব্যবসায়িক দিক চিন্তা করে এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছেন অনেকে।

বাংলাদেশের প্রথম সাইবার অ্যাকশন থ্রিলার 'অন্তর্জাল' সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, এবিএম সুমন, সুনেরাহ বিনতে কামালসহ আরও অনেকে। সিনেমাটির গল্প লিখেছেন দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিত এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও। সার্বিক সহযোগিতায় স্পেলবাউন্ড লিও বার্নেট।

 

আমাদেরকাগজ / এইচকে