বিনোদন ১৯ সেপ্টেম্বর, ২০২৩ ১২:৪৪

প্রয়াত তারকা সালমান শাহর জন্মবার্ষিকী আজ 

আমাদের কাগজ ডেস্ক : বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা নায়ক সালমান শাহ আজ ১৯ সেপ্টেম্বর, এ দিনে জন্ম নিয়েছে। ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মধ্য দিয়ে ঢালিউডে আত্মপ্রকাশ করেন। 

আজ ১৯ সেপ্টেম্বর, আজকের এ দিনেই জন্মেছিলেন স্বাধীন বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা নায়ক সালমান শাহ। নব্বই দশকের এই প্রিয় মুখ ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মধ্য দিয়ে ঢালিউডে আত্মপ্রকাশ করেন। 

খুব অল্পসংখ্যক ছবিতে কাজ করেছেন, তবুও সর্বকালের অন্যতম সেরা নায়কের সম্মান দেয়া হয় তাকে। প্রথম ছবিতেই তরুণ-তরুণীদের হার্টথ্রবে পরিণত হন তিনি।

নব্বই দশকের শুরুর দিক থেকে ১৯৯৬ সাল, মাত্র চার বছরের ক্যারিয়ারে বাংলাদেশি চলচ্চিত্র জগতে এক উজ্জ্বল নক্ষত্রের নাম সালমান শাহ। সে সময় মাত্র ২৫ বছর বয়সী উচ্ছল এই তরুণের একক আধিপত্য ছিলো চলচ্চিত্র মহলে। প্রায় একচ্ছত্র রাজত্বে উপহার দিয়ে গেছেন ২৭টি ব্যবসাসফল ছবি। তার জনপ্রিয়তার পারদ এতোটাই ঊর্ধ্বগামী ছিলো যে, আজ অবধি কোনো নায়ক সে উচ্চতা ডিঙাতে পারেননি। 

ধূমকেতুর মতো আগমন করেই পেয়েছিলেন আকাশচুম্বী জনপ্রিয়তা। যা এতোটা অল্প সময়ে তার আগে এই বাংলায় আর কেউ পায়নি। তাকে নিয়ে আলোচনা কোনোদিন শেষ হবার নয়।


এক নজরে সালমান শাহ-

সালমান শাহ’র পারিবারিক নাম চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার। ডাক নাম ইমন। ঢাকার ধানমণ্ডি আরব মিশন স্কুল থেকে এসএসসি পাস করেন ১৯৮৭ সালে। এরপরে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি এবং ধানমণ্ডির ড. মালেকা সায়েন্স কলেজ থেকে বি.কম পাস করেন।

সিলেটের দাড়িয়াপাড়ায় নানাবাড়িতে ১৯৭১ সালে জন্ম তার। বাবা কমর উদ্দিন চৌধুরী, পেশায় সরকারি কর্মকর্তা এবং মা নীলা চৌধুরী রাজনীতিতে জড়িত ছিলেন; একাধিকবার সংসদ নির্বাচনও করেছেন। দুই ভাইয়ের মধ্যে সালমান শাহ বড়ো। ছোটো ভাই চৌধুরী মোহাম্মদ শাহরান ইভান। সালমান শাহ পড়াশোনা করেন খুলনার বয়রা মডেল উচ্চ বিদ্যালয়ে। এই স্কুলে সহপাঠী ছিলেন নায়িকা মৌসুমী। যিনি পরবর্তীতে তার প্রথম চলচ্চিত্র কেয়ামত থেকে কেয়ামতের নায়িকা হন।

চলচ্চিত্রে আসার আগেই তিনি ছিলেন বিবাহিত। ১৯৯২ সালের ১২ আগস্ট খালার বান্ধবীর মেয়ে (কেউ-বা বলেন মায়ের বান্ধবীর মেয়ে) সামিরার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। 

অসময়ে চলে গেলেও ২৭টি ছবিতে নিজের মেধা ও প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন সালমান শাহ। 

আমাদেরকাগজ/এমটি