বিনোদন ডেস্ক : বলিউডের কিং খান খ্যাত শাহরুখ খান ‘পাঠান’র পর এবার বিশ্বজুড়ে ঝড় তুলেছে ‘জওয়ান’। বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর মুক্তি পায় সিনেমাটি। মুক্তির পরই রীতিমতো বক্স অফিস কাঁপাচ্ছে শাহরুখ অভিনীত এই সিনেমা। বিশ্বব্যাপী ১০ হাজার পর্দায় মুক্তি পায় সিনেমাটি। অ্যাটলি কুমার পরিচালিত এ সিনেমা মুক্তির পর থেকে একাধিক রেকর্ড গড়েছে।
প্রথম দিনেই ভারতে বক্স অফিস আয়ে রেকর্ড গড়ে শাহরুখের এই সিনেমা। ‘জওয়ান’ মুক্তির দিনেই আয় করে ৮০ কোটি রুপি। যা ভারতীয় হিন্দি সিনেমার ইতিহাসে সর্বোচ্চ আয়ের রেকর্ড।
আর এবার ‘জওয়ান’-এর রেকর্ড তালিকায় যুক্ত হলো আরেকটি রেকর্ড। ভারতের বক্স অফিসে সবচেয়ে দ্রুত ৫০০ কোটির ক্লাবে নাম লিখিয়েছে সিনেমাটি। সানি দেওল অভিনীত ‘গদর টু’ সিনেমার রেকর্ড ভেঙে নতুন এই রেকর্ড গড়েছে শাহরুখের ‘জওয়ান’।
রোববার (২৪ সেপ্টেম্বর) বক্স অফিস বিশ্লেষক তরন আদর্শ এ তথ্য জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘এক্স’ (টুইটার)-এ এক পোস্টে তিনি জানান, মুক্তির মাত্র ১৮ দিনের মধ্যে ৫০০ কোটির ক্লাবে প্রবেশ করে নতুন রেকর্ড গড়েছে ‘জওয়ান’।
এর আগে সবচেয়ে দ্রুত ৫০০ কোটির ক্লাবে পৌঁছানোর রেকর্ডটি সানি দেওলের ‘গদর-টু’ সিনেমার দখলে ছিল। ৫০০ কোটির ক্লাবে পৌঁছাতে ‘গদর টু’ সিনেমার সময় লেগেছিল ২৪ দিন।
শাহরুখ খান এই সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। তাকে বাবা ও ছেলে দুই ভূমিকায় দেখা গেছে। অ্যাটলি কুমার পরিচালিত এই সিনেমায় কিং খান ছাড়া আছেন বিজয় সেতুপতি, নয়নতারা, সানিয়া মালহোত্রা, ঋদ্ধি ডোগরা, প্রিয়ামণি, সুনিল গ্রোভার প্রমুখ। এ ছাড়া ছবিতে ক্যামিও হিসেবে দেখা গেছে দীপিকা পাড়ুকোন ও সঞ্জয় দত্তকে। সাধারণ মানুষ থেকে চিত্র সমালোচক সবাই ‘জওয়ান’-এর প্রশংসায় পঞ্চমুখ।
আমাদেরকাগজ / এইচকে






















