বিনোদন ১৬ নভেম্বর, ২০২৩ ০৬:১০

হাসপাতাল থেকে বাসায় ফিরে যা বললেন তিশা

বিনোদন প্রতিবেদক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার শারীরিক অবস্থা এখন অনেকটাই ভালো। হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। এরপর নিজেই জানালেন গত ২০ ঘণ্টার ঘটনা। ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি ‘আত্মহত্যার চেষ্টা’কে ‘ভুল সংবাদ’ হিসেবে উল্লেখ করলেন।

লেখেন, ‘আজকে কিছু ভুল নিউজ দেখতে পেলাম। আসল বিষয়টি হলো, গত রাতে আমার ফুড পয়জনিংয়ের পরে কিছু ব্যাপারে খারাপ অবস্থা ছিল। তাই আমি একটা স্লিপিং পিল খাই এবং তার সাইড ইফেক্ট হিসেবে আমার বমি হয়। এরপর হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিই। আমি এখন সম্পূর্ণ সুস্থ।’

আত্মহত্যার ইঙ্গিত দিয়ে তিনি জানান, এমন কাজটি কোনও অবস্থাতেই তিনি করবেন না। তার ভাষ্য, ‘আমার বাবা গত দুইবছর আগে মারা যান। বিষয়টি আমাকে এতটাই শক্ত করে যে এই ধরনের পদক্ষেপ আমি এরকম কোনও মানুষ অথবা যেকোনও মানুষের জন্যই জীবনে নেব না।

ব্যক্তিগত গোপনীয়তার বিষয়টি স্মরণ করিয়ে দেন অভিনেত্রী। বলেন, ‘সবাইকে একটি বিষয় বলতে চাই যেটা আগেও বলেছি, আর্টিস্টদের একটা ব্যক্তিগত জীবন আছে। সেই ব্যক্তিগত জীবন নিয়ে আপনারা যদি কথা বলেন তাতে আমার বিন্দুমাত্র আপত্তি নেই। কিন্তু আমি একটি বিষয় বলতে চাই, ব্যক্তিগত জীবন নিয়ে আমারও হয়তো কখনও কিছু বলার থাকতে পারে। যদি থাকে এবং যারা আমার ক্ষতি করার চেষ্টা করছে মিডিয়ার কিছু মানুষ তাদের প্রত্যেকের নাম উল্লেখ করে স্পেশালি যারা যারা আমার ক্ষতি করেছেন অথবা করার চেষ্টা করছেন তাদের প্রত্যেকটা মানুষের নাম মেনশন করে অতি শিগগিরই আমার শুভাকাঙ্ক্ষীদের সামনে উপস্থাপন করব।

বুধবার (১৫ নভেম্বর) মধ্যরাতে গুঞ্জন ছড়িয়ে পড়ে, ঘুমের ওষুধ খেয়ে তিশা আত্মহত্যার চেষ্টার চালিয়েছেন। তাঁকে প্রথমে ঢাকা মেডিকেলে পরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। জানা যায়, হাসপাতালে নেওয়ার সময় অবধি প্রচুর পরিমাণে বমিভাব ছিল। এছাড়াও বুক জ্বালাপোড়া বা ব্যথা ছিল। 

অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম বলেছিলেন, ‌‘তিশার পরিবারের সঙ্গে কথা হয়েছে। তাঁরা বললেন, গতরাতে হঠাৎ করে অসুস্থ হয়ে গেলে তাঁর বোন তাঁকে প্রথমে ঢাকা মেডিকেলে নিয়ে যান। এ সময় তিশার বুকে ব্যথা ও বমিসহ নানা উপসর্গ ছিল। ঢাকা মেডিকেলে কিছুক্ষণ অপেক্ষা করে তাঁরা। তবে বেশি ভিড় থাকায় সময় ক্ষেপণ না করে তাঁরা জরুরি ভিত্তিতে তাঁকে পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।’

অন্যদিকে, তানজিন তিশার অসুস্থতা নিয়ে নানা গুঞ্জন চাউর হয়। নাট্যাঙ্গনের অনেকের মতে, অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে প্রেমের সম্পর্কে আছেন তিশা। ক’দিন ধরে তাঁদের মধ্যে ঝামেলা চলছিল। বুধবার রাতে তিশা রাজারবাগের বাসা থেকে ফারহানের উত্তরার বাসায় যান। সেখান থেকে ফিরে ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন! তবে এবার তিশা আনুষ্ঠানিকভাবে বিষয়টি অস্বীকার করলেন।

আমাদেরকাগজ / এইচকে