বিনোদন ১৮ অক্টোবর, ২০১৯ ০১:১৪

এফডিসিতে মৌসুমীর সমর্থনে মিছিল, মিশা-জায়েদের সংবাদ সম্মেলন

বিনোদন ডেস্ক।।

আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠিতব্য বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে বিএফডিসি এখন পুরো মাত্রায় সরগরম। গতকাল (১৬ অক্টোবর) সন্ধ্যায় মিছিল করেছেন স্বতন্ত্র সভাপতি প্রার্থী চিত্রনায়িকা মৌসুমী

এটির প্রায় কাছাকাছি সময়ে পাল্টা মিছিল করেন মিশা সওদাগর ও জায়েদ খান প্যানেল। তারপর জরুরি ভিত্তিতে সংবাদ সম্মেলন করেন তারা। সেখানে মৌসুমীর বিরুদ্ধে এফডিসিতে বহিরাগত নিয়ে আসার অভিযোগ আনা হয়।

জানা যায়, গতকাল সন্ধ্যার পরপরই এফডিসিতে আসেন এবারের শিল্পী সমিতির সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। সেখানে তিনি পৌঁছালে সঙ্গে সঙ্গে তার সমর্থক শিল্পীরা তাকে নিয়ে মিছিল ও স্লোগান দেন।

একই সময় মিশা সওদাগর ও জায়েদ খান প্যানেলের সমর্থকরা এই দুই প্রার্থীকে নিয়ে মিছিল শুরু করেন। দুটি মিছিল থেকেই বেশ উত্তেজনাকর স্লোগান দেয় দুই সভাপতি প্রার্থীর সমর্থকেরা।

এরপর বিশেষ সংবাদ সম্মেলন করে মৌসুমীর বিরুদ্ধে বহিরাগত আনার অভিযোগ করেন জায়েদ ও মিশা।