বিনোদন ডেস্ক ।।
বোন ক্যাটরিনা কাইফের চেয়েও কম সুন্দরী নন ইসাবেল। তিনি যে বলিউডে আসতে পারেন, তার কানাঘুষাও চলছে অনেকদিন ধরেই। সব জল্পনার অবসান ঘটিয়ে এবার তিনি আসছেন।
তবে এটা ভাবার কোনও কারণ নেই যে ইসাবেল শুধুই স্বজনপোষণের কারণে বলিউডে সুযোগ পেতে চলেছেন। কিন্তু নিউ ইয়র্কের লি স্ট্রাসবার্গ থিয়েটার অ্যান্ড ফিল্ম ইনস্টিটিউট-এ চার বছর পড়াশোনা করেছেন ইসাবেল। প্রকৃত অর্থেই প্রশিক্ষিত ও শিক্ষিত অভিনেত্রী যাকে বলে। আশা করা যায় বলিউডে আশানুরূপ ছাপ রাখবেন তিনি।
সালমান খানের ভগ্নীপতি আয়ুষ শর্মার অভিষেক হয়েছে গত বছর ‘লাভযাত্রী’ ছবির মধ্য দিয়ে। ছবিটি বক্স অফিসে খুব সফল না হলেও গানের দৃশ্যগুলো বেশ জমজমাট ছিল। তবে ওই ছবিটি ছকবাঁধা হওয়ায় অভিনয়ের সুযোগ খুব বেশি ছিল না। আয়ুষের কাছে নতুন এই ছবিটি তাই খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ছবির গল্পটি একটু অন্যরকম।
ইসাবেল ও আয়ুষ জুটি বাঁধছেন যে ছবির জন্য তার নাম ‘কাওথা’। ভারত ও মিয়ানমার সীমান্তে একটি ছোট্ট গ্রাম হল কাওথা। সেই গ্রামকে কেন্দ্র করেই ছবির গল্প, যা আদতে একটি সত্য ঘটনা অবলম্বনে রচিত। ভারতীয় সেনাবাহিনীর একটি অসাধারণ অবদান জড়িয়ে রয়েছে সেই গ্রামের সঙ্গে।






















