বিনোদন ২৪ অক্টোবর, ২০১৯ ১১:৩৯

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মৌসুমীর ৮ দফা ইশতেহার

আন্তর্জাতিক ডেস্ক।।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০১৯-২১ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল শুক্রবার (২৫ অক্টোবর)। সমিতির সভাপতি পদে প্রথমবার নারী প্রার্থী হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী।

আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাজধানীর একটি রেস্টুরেন্টে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদপ্রার্থী মৌসুমী সংবাদ সম্মেলনের মাধ্যমে চলচ্চিত্র শিল্পী ও সাংবাদিকদের সামনে তার নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেছেন। জয়ী হলে শিল্পী সমিতির উন্নয়নের ৮ দফা ইশতেহার দিয়েছেন মৌসুমী।

মৌসুমীর নির্বাচনী ইস্তেহারগুলো হলো-

১. শিল্পীকে তার আত্মসম্মানের জায়গায় দেখতে চাই।

২. শিল্পী সমিতির অফিশিয়াল কার্যক্রম ডিজিটাল পদ্ধতির আওতায় আনা যাতে শিল্পী সমিতির সকল কার্যক্রম ও সম্মানিত সদস্যদের ডাটাবেজ ওয়ান ক্লিকের মাধ্যমে সংগ্রহ করা সম্ভব হয়।

৩. শিল্পী সমিতির নামে একটি ইউটিউব চ্যানেল খোলা হবে।

৪. শিল্পী সমিতির থেকে ওয়েব সিরিজ তৈরি করা হবে। তা থেকে লাভের সম্পূর্ণ অংশ শিল্পী সমিতির তহবিলে প্রদান করা হবে। এর এই ওয়েব সিরিজে শিল্পীরা পর্যায়ক্রমে অনেকেই অভিনয় করবে। এবং অভিনয়ের জন্য পারিশ্রমিক পাবে।

৫. চলচ্চিত্রের বর্তমান দূর অবস্থা থেকে মুক্তি লাভের জন্য চলচ্চিত্রের সুদিন ফিরিয়ে আনার জন্য সরকারের অর্থমন্ত্রনালয়ের এবং প্রযোজক পরিচালক সমিতির যে সমস্ত কার্যক্রম গ্রহণ করছেন তাদের সাথে একাত্মতা ঘোষণা করে কাজ করবার।

৬. শিল্পীদের সহযোগিতায় প্রতিবছর একটি করে এক্সিভিশন আয়োজন করা হবে। সেখানে তারকাদের স্বাক্ষর, ছবিসহ মগ বিভিন্ন সুভিনিয়র বিক্রি করা হবে। এ থেকে আয় শিল্পী সমিতি ফান্ডে জমা করা হবে।

৭. বয়স্ক ভাতা চালু করব। বিভিন্ন স্পন্সর প্রতিষ্ঠান ও ব্যক্তিগত দাতাদের নিকট হতে ফান্ড কালেক্ট করে আলাদা একটি একাউন্ট করে বয়স্ক ভাতা পরিচালনা করা হবে।

৮. স্বল্প আয়ের শিল্পীদের কর্মসংস্থান তৈরির লক্ষ্য হস্ত শিল্প বা কুঠির শিল্প প্রতিষ্ঠান তৈরি করা হবে। যে সকল শিল্পীদের হাতে কাজ কম তারা ডেইলি ভিত্তিতে এখানে কাজ করবে। এখান থেকে আয়কৃত টাকা শিল্পী সমিতির একাউন্টে জমা দিয়ে শিল্পীদের কল্যাণেই ব্যয় করা হবে।