বিনোদন ডেস্ক।।
টানা ৭ বছর পর আবারও অ্যালবাম নিয়ে হাজির হচ্ছেন ক্যানসার-জয়ী সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির। ‘নারী শক্তি’ নামের এই অ্যালবামে থাকছেন ছয়জন তরুণ নারী শিল্পী।
টিএম রেকর্ডসের ব্যানারে তৈরি এই অ্যালবামের শিল্পীরা হলেন- আনিকা, তাশফি, ফাইরুজ নাফিজা, জেফার, আশরিন ও প্রাগাতা। সম্প্রতি অ্যালবামটি নিয়ে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেন এই ছয় শিল্পী।
প্রযোজনা প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস বলেন, ‘টিএম রেকর্ডস ভালো মিউজিকের সঙ্গে সবসময় আছে ও থাকবে। ফুয়াদ ভাই আমাদের দেশের অন্যতম গুণী শিল্পী ও সংগীত পরিচালক। দীর্ঘদিন পর তার নতুন অ্যালবামের সঙ্গে থাকতে পেরে আমরা আনন্দিত। আশা করছি নারী শক্তি থিম নিয়ে আয়োজিত এ অ্যালবামটি দারুণ কিছু হবে।’
সর্বশেষ ২০১২ সালে ‘হিট ফ্যাক্টরি’ শিরোনামে অ্যালবাম প্রকাশ করেন ফুয়াদ। এরপর বিভিন্ন সময় সিঙ্গেল ট্র্যাক ও জিঙ্গেলের কাজ করলেও গুচ্ছগানের আয়োজন করা হয়নি দীর্ঘদিন। প্রায় সাত বছর পর এবার অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন তিনি। এতে শ্রোতা বিনোদনের পাশাপাশি নারী শক্তিকেও সবার সামনে তুলে ধরতে চান তিনি। এ জন্য তিনি নির্বাচন করেছেন ছয় তরুণ শিল্পীকে।






















