বিনোদন ডেস্ক।।
সৃজিত মুখার্জির সঙ্গে সম্পর্ক নিয়ে বাংলাদেশের তারকা অভিনেত্রী মিথিলা বললেন ‘কোনো একটা সম্পর্ক তো অবশ্যই আছে।’ ভারতের টাইমস অব ইন্ডিয়া পত্রিকার অনলাইন সংস্করণ থেকে জানা গেছে, আগামী বছর ২২ ফেব্রুয়ারি সৃজিত মুখার্জির সঙ্গে মিথিলার বিয়ে হচ্ছে। আবার মিথিলার বন্ধুর কাছ থেকে জানা গেছে, বিয়েটা ডিসেম্বরে হচ্ছে। আসলে কোনটা সঠিক?
এমন প্রশ্নের উত্তরে মিথিলা বলেন, ‘পুরো ব্যাপারটি আমাদের একান্ত ব্যক্তিগত। আমরা ব্যাপারটিকে ব্যক্তিগত রাখতে চাই। প্রাইভেসি বলে তো একটা শব্দ আছে। আমি এসব নিয়ে বলতে পছন্দ করি না। আমার আরও অনেক কাজ আছে। আর এসব কেন জনসমক্ষে বলতে হবে? যদি খুব প্রয়োজন হয়, তাহলে আমার পরিবার আর কাছের মানুষদের সঙ্গে শেয়ার করব।’
ভারতের এ সময়ের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জিকে নাকি বিয়ে করছেন বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী, মডেল ও উপস্থাপক মিথিলা। এই বিয়ে নিয়ে আজ মিথিলা বললেন, ‘এটা সারপ্রাইজ থাকুক।’ সারপ্রাইজটা কেমন হতে পারে? বললেন, ‘বিয়ে হতে পারে, না–ও হতে পারে। বিয়ে হলে জানতে পারবেন, না হলেও জানতে পারবেন।’
এর আগে গণমাধ্যমকে নিজেদের সম্পর্ক নিয়ে মিথিলা বলেছেন, ‘আমরা ভালো বন্ধু।’ আর আজ বললেন, ‘শেষ পর্যন্ত আমাদের সম্পর্ক কোথায় গড়াবে, তা সময় বলে দেবে। তখন সবাই জানতে পারবেন।’
তাঁদের সম্পর্ককে দুজনের পরিবার কীভাবে দেখছে? মিথিলা বললেন, ‘আমাদের দুজনের পরিবারের মধ্যে ভালো যোগাযোগ আছে। দুই পরিবারের মানুষজন একে অপরকে চেনেন, জানেন। আসলে কিছু না জেনেই সংবাদমাধ্যমগুলো লিখছে। তাতে আমাদের কাছের মানুষজন বিভ্রান্ত হচ্ছেন।’
গত শুক্রবার গুলশানে আড়ংয়ের শোরুমে সৃজিত মুখার্জি ও মিথিলাকে কেনাকাটা করতে দেখা গেছে। তখন তাঁদের সঙ্গে মিথিলার মেয়ে আইরাও ছিল। তাঁদের কেনাকাটার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ব্যাপারে মিথিলা বললেন, ‘সৃজিত তখন ঢাকায় গিয়েছিলেন। আমরা তো কেনাকাটার জন্য কোথাও যেতেই পারি।’
এদিকে নিজেদের সম্পর্ক আর বিয়ে নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন তথ্য দিচ্ছেন সৃজিত মুখার্জি। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন নিয়ে মঙ্গলবার রাতে প্রথম আলোকে তিনি বলেছেন, ‘ভুল খবর।’ আপনারা বিয়ে করছেন? বললেন, ‘নো কমেন্টস।’ আর মিথিলার সঙ্গে তাঁর সম্পর্কের ব্যাপারে সৃজিত বললেন, ‘এ প্রসঙ্গে আর কিছু বলতে চাই না।’
সৃজিত মুখার্জি আরো বলেছেন, ‘আমিও তো শুনছি আমার বিয়ের কথা। দেখছি শুনছি পড়ছি, ভালো লাগছে। আমার বিয়ে নিয়ে আমার চারপাশের লোকজন বেশি কথা বলছে, সেটাই আমার কাছে বেশি ইন্টারেস্টিং। এ ক্ষেত্রে আমার বক্তব্য খুব একটা গুরুত্বপূর্ণ নয়।’
বিয়ের তারিখ নিয়ে মঙ্গলবার রাতে আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণকে সৃজিত মুখার্জি বলেছেন, ‘কোথাও এখনো বিয়ের দিন নির্দিষ্ট করে বলিনি। কিন্তু অনেক জায়গাতেই তা আপনা-আপনি লেখা হয়ে যাচ্ছে। এরপর যদি আমার বিয়ের কার্ড ছাপিয়ে আমাকেই পাঠিয়ে দেওয়া হয়, তা হলেও আমি অবাক হব না।’
তিনি আরও বলেন, ‘এখনই বিয়ের দিন নিশ্চিত করতে পারছি না। তবে শীতকালেই বিয়ে করার ইচ্ছা। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি, এই সময়টাই বিয়ের জন্য আমার পছন্দ। কারণ, এ সময় ছবির কাজ কম থাকে। প্রপার ভেন্যু না পেলে বিয়ের দিন পিছিয়েও যেতে পারে। তা হলে বিয়ে করার পরবর্তী সুযোগ হবে জুন মাসে। কারণ, ছবির কাজে ব্যস্ত আছি।’
বিয়েটা কোথায় হবে? সৃজিত মুখার্জি বললেন, ‘ডেস্টিনেশন ম্যারেজও করতে পারি। কারণ সবাইকে আমন্ত্রণ জানাতে হবে, এমনটা তো নয়।’






















