বিনোদন ২৮ সেপ্টেম্বর, ২০২০ ১২:৩৯

বাবা হলেন ‘জোকার’খ্যাত ফিনিক্স

অস্কারজয়ী অভিনেতা হোয়াকিন ফিনিক্স বাবা হয়েছেন। গত মাসেই ফিনিক্স ও রুনি মারার ঘরে জন্ম নিয়েছে পুত্র সন্তান।

মার্কিন অভিনেত্রী রুনি মারার সঙ্গে ২০১৯ সালের মে মাসে বাগদান হয়েছিল ফিনিক্সের। গত মাসেই তাদের ঘরে এসেছে পুত্র সন্তান। এর কোনও খবরই ফিনিক্স নিজে থেকে ঘোষণা করেননি।  

পারিবারিক বিষয়ে একদমই কথা বলতে পছন্দ করেন না এই তারকা জুটি। রুনির অন্তঃসত্ত্বার খবরও চেপে রেখেছিলেন তারা। ছয় মাস পর এই খবর প্রকাশ পায়। তাদের ঘরে সন্তান এসেছে একমাস হয়ে গেছে, এ খবর ও অপ্রকাশিত রেখেছিলেন তারা

মূলত এই সন্তানের সঙ্গে অনেক আবেগ জড়িয়ে আছে হোয়াকিনের। সন্তানের নামটি রেখেছেন তার প্রয়াত বড় ভাইয়ের নামে। হোয়াকিন ফিনিক্সের বড় ভাই রিভার ফিনিক্স মাত্র ২৩ বছর বয়সে দুঃখজনকভাবে মৃত্যুবরণ করেন ১৯৯৩ সালে। এবার ‘জোকার’ তারকা তার বড় ভাইয়ের প্রতি ভালোবাসা জানিয়ে ফিনিক্স পরিবারের নতুন সদস্যের নামটি রেখেছেন ‘রিভার’।

২০২০ জুরিখ ফিল্ম ফেস্টিভ্যালে সিনেমা পরিচালক ভিক্টর কোসাকোভস্কি এ তথ্য প্রকাশ করেন। সিনেমাটির নির্বাহী প্রযোজক হোয়াকিন ফিনিক্স। এক প্রশ্নোত্তর পর্বে ভিক্টর জানিয়ে দেন, হোয়াকিনের ছেলে হয়েছে। সুন্দর একটি নাম তার, রিভার। তাই তিনি এখন সিনেমাটির প্রচারণার জন্য কাজ করতে পারবেন না।