বিনোদন ডেস্ক।।
কলকাতার টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে এখন জয়ার রাজত্ব। একের পর এক হিট ছবি উপহার দিয়ে যাচ্ছেন তিনি। তার সর্বশেষ মুক্তি পাওয়া চলচিত্র ‘কণ্ঠ’ ১০০ দিন পেরিয়েও এখনো হল দাপিয়ে বেড়াচ্ছে।
বলা হচ্ছে, মারণ রোগ ক্যান্সারের বিরুদ্ধে যারা লড়ছেন, তারা বাঁচার রসদ খুজে পেয়েছেন এই ছবি দেখে। আর দু’হাত তুলে দোয়া করেছেন পশ্চিমবঙ্গ কাপানো এ অভিনেত্রীর জন্য। তার জোরেই ‘কণ্ঠ’ রোববার ১০০ দিনে পা রাখে।
গরমের ছুটিতে মুক্তি পেয়েছিল নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘কণ্ঠ’। শুরু থেকে সাধারণ মানুষের গল্প বলে এসেছেন দুই পরিচালক। সমাজের সমসাময়িক সমস্যার দিকে আঙুল তুলেছেন। কিন্তু কখনো গলায় ক্যানসারের মতো তুলনায় ভারী ও গবেষণাধর্মী বিষয় নিয়ে ছবি বানাননি। সেখানেও এবার ব্যতিক্রমী ছাপ রাখলেন তারা।
স্বরযন্ত্রে ক্যানসার হলে রোগী হারিয়ে ফেলেন আত্মবিশ্বাস, নকল ভয়েস বক্স দিয়ে অক্লান্ত পরিশ্রমের পর কীভাবে ফিরে পায় হারানো স্বর, কী অবস্থা হয় তার স্বজনদের- সবিস্তারে সিনেমার পর্দায় দেখিয়েছেন এ পরিচালকদ্বয়।






















